Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতের ভোটব্যবস্থা ত্রুটিপূর্ণ, ভোট চুরির অভিযোগে বার্লিন থেকে বিজেপিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ভারতের নির্বাচন ব্যবস্থা ত্রুটিপূর্ণ ও দেশের প্রাতিষ্ঠানিক কাঠামোকে 'অস্ত্র' হিসেবে ব্যবহার করছে বিজেপি এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। জার্মানির বার্লিনে এক সভায় ভাষণ দিতে গিয়ে তিনি দাবি করেন, রাজনৈতিক বিরোধীদের দমন করতে ইডি ও সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগানো হচ্ছে, অথচ শাসক দলের ঘনিষ্ঠদের বিরুদ্ধে কার্যত কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

বার্লিনের হার্টি স্কুলে বক্তব্য রাখতে গিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, "দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো সম্পূর্ণভাবে দখল করে নেওয়া হয়েছে। আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির উপর সর্বাত্মক আক্রমণ চলছে।" তাঁর অভিযোগ, গোয়েন্দা সংস্থা, ইডি ও সিবিআইকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। "বিজেপির বিরুদ্ধে ইডি বা সিবিআইয়ের কার্যত কোনও মামলা নেই। অথচ বিরোধী দলগুলির নেতাদের বিরুদ্ধেই অধিকাংশ রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে," বলেন তিনি।

গত সপ্তাহে পাঁচ দিনের জার্মানি সফরে থাকা রাহুল গান্ধী আরও বলেন, কোনও ব্যবসায়ী যদি কংগ্রেসকে সমর্থন করেন, তাহলে তাঁকে হুমকি দেওয়া হয়। তাঁর দাবি, দেশের প্রতিষ্ঠানগুলি আর নিরপেক্ষভাবে কাজ করছে না। কংগ্রেস এই প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলেছিল ঠিকই, কিন্তু কখনওই সেগুলিকে 'দলের সম্পত্তি' হিসেবে দেখা হয়নি। "এই প্রতিষ্ঠানগুলি দেশের কিন্তু বিজেপি সেগুলিকে নিজেদের সম্পত্তি মনে করে ও রাজনৈতিক ক্ষমতা কায়েমের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে," তোপ দাগেন তিনি।

গণতন্ত্র বিপদের মুখে বলে মন্তব্য করে রাহুল বলেন, এর মোকাবিলায় শক্তিশালী বিরোধী প্রতিরোধ গড়ে তোলা হবে। "আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি না, লড়ছি দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো দখলের বিরুদ্ধে," বলেন তিনি। পাশাপাশি তিনি জানান, তেলেঙ্গানা ও হিমাচল প্রদেশে কংগ্রেস জয় পেয়েছে ও দেশের নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলে আসছে দল। তাঁর দাবি, হরিয়ানায় কংগ্রেস জয়ী হয়েছিল তার প্রমাণ রয়েছে। কিন্তু মহারাষ্ট্রের নির্বাচনে ন্যায্যতা ছিল না বলেও অভিযোগ করেন তিনি।

রাহুল গান্ধীর আরও দাবি, ভোটার তালিকায় ভুয়ো ও ডুপ্লিকেট নাম সহ নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করা হলেও কোনও জবাব পাওয়া যায়নি। "আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভারতের নির্বাচন ব্যবস্থায় গুরুতর সমস্যা রয়েছে," বলেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক নীতির দিকেও কটাক্ষ ছুড়ে দেন কংগ্রেস নেতা। তাঁর অভিযোগ, বিজেপি ও আরএসএস মূলত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নীতিরই সম্প্রসারণ করেছে, কিন্তু নতুন কোনও দিশা দেখাতে পারেনি। রাহুলের দাবি, মোদী সরকারের অর্থনৈতিক মডেল কার্যত অচল হয়ে পড়েছে ও আর ফল দিতে পারছে না।

তিনি স্বীকার করেন, অনেক মানুষ এখনও প্রধানমন্ত্রী মোদীকে সমর্থন করেন। তবে তাঁর মতে, দেশের বিরাট অংশের মানুষ মোদির আদর্শ ও দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত নন। "এই দৃষ্টিভঙ্গি ভুল ও তা সমাজে গভীর বিভাজন ও উত্তেজনা সৃষ্টি করবে। ভারতে মানুষের মধ্যে সংঘাত বাড়াবে। আমরা এর বিরুদ্ধে লড়াই করব। এটি ভারতের দুই ভিন্ন দৃষ্টিভঙ্গির সংঘর্ষ," বলেন রাহুল গান্ধী।

অন্যদিকে, রাহুল গান্ধীর মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে বিজেপি। মঙ্গলবার বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী প্রশ্ন তোলেন, "যে ব্যক্তি সত্যিই ভারতকে ভালোবাসে, সে কি কখনও দেশের ব্যর্থতা চাইতে পারে?" এক্স হ্যাণ্ডেলে পোস্ট করে তিনি অভিযোগ করেন, রাহুল গান্ধী ও তাঁর 'আদর্শিক পৃষ্ঠপোষক' জর্জ সোরোস বিদেশে ঘুরে 'ভারত বিরোধী শক্তি'কে একত্রিত করার চেষ্টা করছেন ও দেশের গণতন্ত্রে অস্থিরতা তৈরি করতে চাইছেন।

বিজেপি নেত্রী শোভা করন্দলাজেও রাহুল গান্ধীকে 'ভারত বিরোধী নেতা' বলে কটাক্ষ করেন। সাংবাদিকদের তিনি বলেন, "বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে কথা বলে রাহুল কী অর্জন করতে চান? তিনি এখনও একজন শিশুর মতো আচরণ করেন, একজন নেতার মতো নন।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+