সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন
ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় আজ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হচ্ছে। কমিশন সূত্রে খবর যে, ধাপে ধাপে আরও তালিকা প্রকাশ করা হবে। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা চলতি সপ্তাহের শুক্রবারই প্রকাশ হতে পারে।

এখনও পর্যন্ত প্রায় ২৮ লক্ষ নামের যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অনুমান করা হচ্ছে যে, প্রথম তালিকাতেই প্রায় ১০ লক্ষ নাম বাদ পড়তে পারে। বাকি প্রায় ৩২ লক্ষ নাম এখনও পর্যন্ত যাচাইয়ের তালিকাতেই রয়েছে। যদি এই একই হারে নাম বাতিল হয়, তবে আরও প্রায় ১১-১২ লক্ষ নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে যে, সমস্তটা মিলিয়ে অতিরিক্ত ভোটার তালিকা থেকে প্রায় ২২-২৪ লক্ষ নাম বাদ পড়তে পারে।
আপনার নাম যদি বাদ পড়ে তাহলে কী করবেন?
যদি আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায় তাহলে, আপনি ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন। এর জন্য অবসরপ্রাপ্ত বিচারক এবং বিচারপতিদের নিয়ে মোট ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
কীভাবে আবেদন করবেন?
অনলাইনে আবেদন:
- নির্বাচন কমিশনের ওয়েবসাইট ecinet.eci.gov.in-এ গিয়ে আবেদন করা যাবে।
- ওয়েবসাইটে গিয়ে সেখানে আবেদন জানানোর নির্দিষ্ট অপশনে ক্লিক করে আপিল জমা দেওয়া যাবে।
- এছাড়া 'ECI নেট' মোবাইল অ্যাপ ব্যবহার করেও আবেদন করা সম্ভব।
অফলাইনে আবেদন:
- সরাসরি জেলাশাসকের দফতরে গিয়ে আবেদন করতে পারবেন।
- অতিরিক্ত জেলাশাসক অথবা মহকুমাশাসকের কাছেও আবেদন জমা দিতে পারবেন।
- পরে প্রশাসনের পক্ষ থেকে সেই আবেদন অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করা হবে।
এদিকে প্রশাসনের আশঙ্কা যে, সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশকে ঘিরে বিভিন্ন জেলায় ভিড় বাড়তে পারে। আর সেই কারণে সম্ভাব্য পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জেলাশাসকদের আগাম সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে যে, তালিকা প্রকাশ হওয়ার পর অনেকেই নিজেদের নাম যাচাই করতে অথবা আপত্তি জানাতে প্রশাসনিক দফতরে যেতে পারেন। তাই আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য এবং কোনও ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেইদিকে স্থানীয় প্রশাসনকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। প্রয়োজন পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ভিড় নিয়ন্ত্রণ এবং আবেদন গ্রহণের প্রক্রিয়া সুষ্ঠুভাবে চালানোর জন্যও প্রস্তুত থাকতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications