Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কেন্দ্রের পোর্টালে বিপুল নথিভুক্তি, পাঁচ লক্ষের বেশি ওয়াকফ সম্পত্তি, বাংলার অবস্থান কোথায়? জানুন

দেশজুড়ে ওয়াকফ সম্পত্তির স্বচ্ছতা ও নজরদারি বাড়াতে কেন্দ্রের উদ্যোগে চালু হওয়া 'উমিদ' পোর্টালে নির্ধারিত সময়সীমার মধ্যেই নথিভুক্ত হল পাঁচ লক্ষেরও বেশি ওয়াকফ সম্পত্তি। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের প্রকাশিত সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, মোট ৫ লক্ষ ১৭ হাজার ৪০টি সম্পত্তির তথ্য পোর্টালে জমা পড়েছে। এর মধ্যে ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে দুই লক্ষের বেশি সম্পত্তি।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চলতি বছরের ৬ জুন সরকার বিশেষ এই পোর্টাল চালু করে। ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করার জন্য ছ'মাস সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, যার শেষ দিন ছিল ৬ ডিসেম্বর। সময়সীমা আর বাড়ানো হবে না এই বার্তা আগেই দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। সেই সময়সীমা শেষ হওয়ার পরই সোমবার প্রকাশ্যে এল সম্পূর্ণ পরিসংখ্যান।

মন্ত্রকের তথ্য অনুযায়ী, নথিভুক্ত ৫ লক্ষ ১৭ হাজার ৪০টি সম্পত্তির মধ্যে ২ লক্ষ ১৬ হাজার ৯০৫টিতে চূড়ান্ত অনুমোদন মিলেছে। এখনও যাচাই প্রক্রিয়ায় রয়েছে ২ লক্ষ ১৩ হাজার ৯৪১টি সম্পত্তি। পাশাপাশি, তথ্য যাচাইয়ের ধাপে গিয়ে বাতিল হয়েছে ১০ হাজার ৮৬৯টি আবেদন।

রাজ্যভিত্তিক তালিকায় ওয়াকফ সম্পত্তি নথিভুক্তিকরণে সবার উপরে রয়েছে উত্তরপ্রদেশ। সেখানে মোট ৯২ হাজার ৮৩০টি সম্পত্তির তথ্য জমা পড়েছে এর মধ্যে ৮৬ হাজার ৩৪৫টি সুন্নি এবং ৬ হাজার ৪৮৫টি শিয়া ওয়াকফ। এর পরে রয়েছে মহারাষ্ট্র (৬২,৯৩৯), কর্নাটক (৫৮,৩২৮)। পশ্চিমবঙ্গ থেকে নথিভুক্ত হয়েছে ২৩ হাজার ৮৬টি ওয়াকফ সম্পত্তি।

কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে, এই প্রকল্প সফল করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ শিবির ও কর্মশালার আয়োজন করা হয়েছিল। পোর্টালে কীভাবে তথ্য নথিভুক্ত করতে হবে, তা হাতে-কলমে বোঝানো হয়। দেশজুড়ে সাতটি আঞ্চলিক বৈঠক করেন প্রযুক্তি ও প্রশাসনিক দলের প্রতিনিধিরা। সহায়তার জন্য চালু থাকে আলাদা হেল্পলাইনও।

উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সংসদে তীব্র রাজনৈতিক বিতর্কও হয়। লোকসভায় বিলের পক্ষে ভোট পড়েছিল ২৮৮টি, বিপক্ষে গিয়েছিল ২৩২টি। রাজ্যসভায় পক্ষে ভোট দেন ১২৮ জন সাংসদ, বিপক্ষে ছিলেন ৯৫ জন। সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পরে গত ৫ এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিতে তা আইনে পরিণত হয়।

পরবর্তীতে বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত জানায়, সংসদে পাশ হওয়া আইন অসাংবিধানিক নয়। তবে সংশোধিত আইনের দু'টি ধারা নিয়ে আপত্তি তোলে আদালত। প্রথমত, ওয়াকফ না সরকারি সম্পত্তি এই সিদ্ধান্ত জেলাশাসক বা সমপদমর্যাদার আধিকারিক নিতে পারবেন না, এটি আদালতের এখতিয়ার। দ্বিতীয়ত, ওয়াকফে দানকারীর অন্তত পাঁচ বছর ইসলাম ধর্ম পালনের শর্ত থাকলেও, তা কার্যকর করার নির্দিষ্ট নিয়ম সরকার এখনো তৈরি করেনি। আপাতত এই দুই ধারা স্থগিত রেখেছে আদালত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+