ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন

ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রশাসনিক স্তরে বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নবান্নের পুনর্বহালের সিদ্ধান্ত কার্যত খারিজ করে দিয়ে একঝাঁক আইপিএস আধিকারিককে ভিনরাজ্যে পাঠানোর নির্দেশ দিল কমিশন। সব মিলিয়ে ১৫ জন শীর্ষ পুলিশকর্তাকে এবার নির্বাচনী দায়িত্বে রাজ্যের বাইরে যেতে হচ্ছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের যেসব আইপিএস আধিকারিককে আগে সরানো হয়েছিল ও পরে রাজ্য সরকার অন্য দায়িত্বে ফিরিয়ে এনেছিল, সেই পুনর্বহালই এবার বাতিল করা হয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী, ওই ১৫ জন আধিকারিককে তামিলনাড়ু ও কেরলে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে পাঠানো হচ্ছে ও অবিলম্বে তাঁদের নতুন দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে।

এই তালিকায় রয়েছেন আকাশ মাঘারিয়া, অলোক রাজোরিয়া, আমনদীপ, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায়, সি সুধাকর, ধৃতিমান সরকার, ইন্দিরা মুখোপাধ্যায়, মুরলী ধর, মুকেশ, প্রবীণ কুমার ত্রিপাঠী, প্রিয়ব্রত রায়, সন্দীপ কাররা, রশিদ মুনির খান ও সইয়দ ওয়াকার রাজা। তাঁদের মধ্যে কয়েকজন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন, যেমন বিধাননগরের পুলিশ কমিশনার মুরলী ধর ও শিলিগুড়ির পুলিশ কমিশনার ওয়াকার রাজা।

তবে এই সিদ্ধান্ত ঘিরে প্রশ্নও উঠতে শুরু করেছে। কমিশনের পর্যবেক্ষক হিসেবে যাঁদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়, এই আধিকারিকদের অনেকেই সেই তালিকায় ছিলেন না বলে জানা গিয়েছে। ফলে প্রশিক্ষণ ছাড়াই হঠাৎ করে এই দায়িত্ব দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।

একাংশের মতে, ভোটের আগে প্রশাসনের উপর আরও কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই এই পদক্ষেপ নিয়েছে কমিশন। অন্যদিকে, বিরোধী মহলের দাবি এই সিদ্ধান্তের মধ্যে রাজনৈতিক বার্তাও স্পষ্ট। ফলে নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পারদ যে আরও চড়বে, তা বলাই বাহুল্য।

এদিকে, একইসঙ্গে রাজ্য পুলিশের উচ্চস্তরেও বড় রদবদল করেছে কমিশন। পাঁচটি রেঞ্জে ডিআইজি স্তরের অফিসারদের বদলির নির্দেশ জারি করা হয়েছে। রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, জলপাইগুড়ি ও প্রেসিডেন্সি এই পাঁচ রেঞ্জে নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে যোগ দিতে বলা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি হয়েছেন রাঠৌর অমিতকুমার ভরত, বর্ধমান রেঞ্জে শ্রীহরি পাণ্ডে, প্রেসিডেন্সি রেঞ্জে কঙ্কর প্রসাদ বারুই, জলপাইগুড়িতে অঞ্জলি সিং ও মুর্শিদাবাদ রেঞ্জে দায়িত্ব পেয়েছেন অজিত সিং যাদব।

ভোটের মুখে পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাঠামোয় এই বড়সড় রদবদল নতুন করে রাজনৈতিক চাপানউতোরের ইঙ্গিত দিচ্ছে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+