মোদী-করুণানিধি সাক্ষাতের পরই জয়া টিভির অফিসে তল্লাশি, তামিল রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত
এদিন সকালে জয়া টিভির দফতরে আয়কর হানা হয়েছে। মোট দশজন আধিকারিক সকাল ছটায় জয়া টিভির অফিসে পৌঁছে যান।
দুদিন আগেই চেন্নাইয়ে এক অনুষ্ঠানের ফাঁকে বর্ষীয়ান ডিএমকে নেতা এম করুণানিধির সঙ্গে গিয়ে দেখা করে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জল্পনা সেদিন থেকেই শুরু হয়েছিল। এদিন বৃহস্পতিবার চেন্নাইয়ে জয়া টিভির দফতরে আয়কর হামলার পরে সেই জল্পনা আরও জোরদার হল। তামিলনাড়ু রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দেখছেন অনেকেই।

এদিন সকালে জয়া টিভির দফতরে আয়কর হানা হয়েছে। মোট দশজন আধিকারিক সকাল ছটায় জয়া টিভির অফিসে পৌঁছে যান। আয় গোপন ও কর ফাঁকির অভিযোগেই মূলত এই তল্লাশি বলে জানানো হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, টিভি চ্যানেলের গতিবিধির উপরে তাঁরা লক্ষ্য রাখছেন। এর পাশাপাশি তামিলনাড়ুতে মোট ১৬০টি জায়গায় আয়কর হানা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতার হাতে তৈরি হলেও জয়া টিভির বর্তমান নিয়ন্ত্রণ ছিল শশীকলা নটরাজনের পরিবারের হাতে। ভাইপো বিবেক জয়রাম দায়িত্ব সামলাচ্ছিলেন। মুখ্যমন্ত্রী এআইএডিএমকে-র হলেও গত অগাস্টে ই পলানিস্বামী ও পন্নিরসেলবম গোষ্ঠীর হাত ধরাধরির পর সরকারের সমালোচনায় মুখ হয়েছে জয়া টিভি।
১৯৯৮-৯৯ সাল থেকে পথ চলা শুরু করে জয়া টিভি নেটওয়ার্ক। ২০০৮ সালে জয়া প্লাস নামে ২৪ ঘণ্টার খবরের চ্যানেল তৈরি করা হয়। পাশাপাশি মিউজিক চ্যানেল জয়া ম্যাক্স ও সিনেমার চ্যানেল জে মুভিজও রয়েছে। সবকটিই তামিল ভাষায় সম্প্রচারিত হয়।












Click it and Unblock the Notifications