ENG Vs PAK World Cup 2023:শেষ ম্যাচে মানরক্ষা ইংল্যান্ডের, একরাশ লজ্জা নিয়েই বিশ্বকাপ থেকে বিদায় বাবরদের
বিশ্বকাপ থেকে বিদায় ম্যাচের বিরতিতেই হয়ে গিয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে কাপযুদ্ধের অভিযান শেষ করতে পারলে বাবর আজমদের ক্ষতে কিছুটা প্রলেপ লাগতে পারত। কিন্তু সেটাও হল না। কলকাতা খালি হাতেই ফেরাল পাকিস্তানকে। ইংল্যান্ডের কাছে শেষ ম্যাচে ১০৭ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান।
ইডেনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড দল। জনি বেয়ারস্টো ৫৯, জো রুট ৬০ ও বেন স্টোকস ৮৪ রান করেন। শেষ দিকে দলকে টানেন হ্যারি ব্রুক ও ডেভিড উইলি। ব্যাটিং ইনিংসের শেষদিকে পর পর ইংল্যান্ডের কয়েকটি উইকেট পড়ে যাওয়ায় রান তোলার গতি কিছুটা কমে যায় তাদের। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে ব্রিটিশরা।

পাক বোলারদের হয়ে তিনটি উইকেট নেন হ্যারিস রউফ। দুটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি ও মহম্মদ ওয়াসিম। ৩৩৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ২৪৪ রানেই শেষ হয় পাকিস্তানের ইনিংস। শুরুতেই ফিরে যান দুই ওপেনার। এরপর মিডল অর্ডারের ব্যাটসম্যানদের খেলায় ছিল না সেই ঝাঁঝ। বাবর আজম ৩৮ রানে আউট হন। মহম্মদ রিজওয়ান ৩৬ রান করেন। এই ম্যাচে আঘাতও পান তিনি। পাক দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন আঘা সলমন।
এরপর আর কোনও ব্যাটসম্যানই সেইভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। শেষ দিকে হ্যারিস রউফ এবং মহম্মদ ওয়াসিম কিছুটা ব্যাটিং অনুশীলন সেরে নিলেন ব্রিটিশ বোলারদের বিরুদ্ধে। ৫০ রানের পার্টনারশিপও গড়েন তাঁরা। শেষ পর্যন্ত ৩৫ রানে আউট হলেন রউফ। ইংল্যান্ডের হয়ে ডেভিড উইলি তিনটি উইকেট নেন। ৯ ্ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে থেকেই বিশ্বকাপ অভিযান শেষ করল পাক দল। ৯ ম্যাচে ৬ পয়েন্ট সাত নম্বরে থাকল ইংল্যান্ড।
এ দিন ম্যাচের আগে থেকেই চাপে ছিল পাকিস্তান। তাদের সেমিফাইনালে উঠতে হতে অলৌকিক কাজ করতে হবে। পরিস্থিতি এমন ছিল ইংল্যান্ড যদি ৫০ রানের টার্গেট দেয় তাহলে পাকিস্তানকে এই টার্গেট ২ ওভারেই অর্জন করতে হবে।৩৩৮ রানের লক্ষ্য ৬.৪ ওভারে তোলা কোনও দলের পক্ষেই সম্ভব নয়। কারণ প্রতি বলে ছয় মারলেও ৪০ বলে ২৪০ রানের বেশি তোলা সম্ভব নয়। ক্রিকেটীয় নিয়মে তাই রান তাড়া করতে নামার আগেই ছিটকে গিয়েছিল পাকিস্তান।
বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়লেন পাক বোলার হ্যারিস রউফ।বিশ্বকাপের লিগ পর্বে পাকিস্তানের ন'টি ম্যাচেই খেলেছেন রউফ।পাকিস্তানের প্রথম বোলার হিসাবে একটি বিশ্বকাপে ৫০০-র বেশি রান দিয়েছেন তিনি। প্রতিযোগিতায় ১৬টি উইকেট পেলেও খরচ করেছেন মোট ৫৩৩ রান। একটি বিশ্বকাপে বিশ্বের আর কোনও বোলার এত রান দেননি কখনও।
ইডেনে এই ম্যাচের সাক্ষী থাকলেন কিংবদন্তি সংগীতশিল্পী মিক জ্যাগার। সেই পরিচিত হাসি, মাথায় টুপি। পরনে জিন্স, সাদাকালো ছাপা শার্ট। উপরে একটা পুলওভার। গলায় একটা উত্তরীয়। সঙ্গে ছিলেন উষা উত্থুপ।
ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচে ইডেন প্রায় ৮০ শতাংশ ভরা ছিল। ম্যাচের শুরুতে লোকসংখ্যা কম থাকলেও, সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যা বাড়ে। কিন্তু খেলা শেষ হওয়ার আগেই গ্যালারি অনেকটাই ফাঁকা হয়ে গেল। তবে শপিংটা জমিয়ে করে নিয়েছেন পাক ক্রিকেটাররা। ফলে একেবারে শূন্য হাতে ফিরতে হচ্ছে না বাবর আজমদের।












Click it and Unblock the Notifications