Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের টেনিসে ভারত থেকে শুধুই বোপান্না-বালাজি জুটি! পদকের সম্ভাবনা কতটা?
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের টেনিসে ভারতের একমাত্র ভরসা রোহন বোপান্না ও এন শ্রীরাম বালাজির জুটি। অলিম্পিক্স টেনিসে ডাবলসে কোনও পদক আসেনি ভারতে।
১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিক্সে লিয়েন্ডার পেজ ব্রোঞ্জ জিতেছিলেন। অলিম্পিক টেনিসে এটিই আজ অবধি ভারতের একমাত্র পদক।

রোহন বোপান্না কেরিয়ারের শেষ অলিম্পিক্সে পদকের খরা মেটাতে বদ্ধপরিকর। তিনি র্যাঙ্কিংয়ে প্রথম দশে না থাকলে প্যারিস অলিম্পিক্সের টেনিসের আসরে ভারতের কেউই থাকতেন না। বোপান্না তাঁর ডাবলস পার্টনার হিসেবে বেছে নিয়েছেন এন শ্রীরাম বালাজিকে।
বোপান্নার কাছে একটি নাম চূড়ান্ত করতে দুটি বিকল্প ছিল। ইউকি ভামব্রি ও বালাজির মধ্যে থেকেই বেছে নিতে হতো ডাবলস পার্টনার। কোচ বালাচন্দ্রন মান্নিক্কাথ, স্কট ডেভিডফের সঙ্গে আলোচনা করেই বিশ্বের ৬২ নম্বর বালাজিকেই বেছে নিয়েছেন বোপান্না।
বালাজি সম্প্রতি ইকুয়েডরের গঞ্জালো এসকোবারের সঙ্গে জুটি বেঁধে ব্রায়ো ওপেনে রানার-আপ হয়েছেন। প্যারিস অলিম্পিক্সে তাঁদের জুটিকে ধর্তব্যের বাইরে রাখলে ভুলই হবে বলে জানিয়ে দিয়েছেন বোপান্না। তিনি বলেছেন, আমরা যে ম্যাচেই কোর্টে নামব তাতে আমাদের জয়ের সম্ভাবনা থাকবে। যাঁদের বিরুদ্ধেই খেলি না কেন।
বালাজির খেলার ধরনে ক্ষিপ্রতা মন কেড়েছে বোপান্নার। তাঁর মতে, প্রতিপক্ষ জুটিকে চাপে ফেলার ক্ষেত্রে যথেষ্টই দক্ষ ও কার্যকরী হবেন বালাজি। তাঁর স্ট্রোক প্লে-বিস্ফোরক। সার্ভিস থেকে শট খেলার গতিও চমকপ্রদ। তবে অলিম্পিক্স গ্রাস কোর্টে বা হার্ড কোর্টে হলে তিনি যে ভামব্রিকেই বেছে নিতেন, সে কথা জানান বোপান্না।
অলিম্পিক্সে টেনিস হবে এবার ক্লে কোর্টে। বালাজির ফায়ারপাওয়ারে আস্থা রেখেই সাফল্যের স্বপ্ন দেখছেন বোপান্না। তিনি মনে করেন, বালাজিই ক্লে কোর্টে তাঁর আদর্শ পার্টনার। বোপান্না নিজে এখন খেলেন ম্য়াথু এবডেনের সঙ্গে জুটি বেঁধে। ফলে অলিম্পিক্সে এমন পার্টনারই চাইছিলেন যিনি তাঁর সঙ্গে মানিয়ে নিতে পারেন।
অলিম্পিক্সে নামার আগে বালাজির সঙ্গে জুটি বেঁধে তালমিল ঠিকঠাক করে দারুণভাবেই প্রস্তুতি সেরে নিতে চাইছেন বোপান্না। জার্মান ওপেনের প্রথম রাউন্ডে বোপান্না-বালাজির সামনে জার্মানির জ্যাকব স্নাইটার ও মার্ক ওয়ালনারের জুটি।












Click it and Unblock the Notifications