অন্ডালে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার নামে 'নিখোঁজ' পোস্টার দিল বিজেপি
এবার শত্রুঘ্ন সিনহার নামে পোস্টার পড়ল। আসানসোলের বিদায়ী সাংসদ তিনি। এবার ওই কেন্দ্র থেকে ভোটেও লড়ছেন। তাঁর নামেই 'নিখোঁজ' পোস্টার পড়ল। অন্ডালের একাধিক গ্রামে এই 'নিখোঁজ' পোস্টার দেখা গেল মঙ্গলবার সকালে।
অন্ডাল গ্রামের বিভিন্ন জায়গায় দেখা গেল এই ধরনের পোস্টার। তাতে পরিষ্কার লেখা "সন্ধান চাই,সন্ধান চাই, মাননীয় শত্রুঘ্ন সিনহা মহাশয়কে দীর্ঘকাল যাবত আমরা খুঁজে পাচ্ছি না, যদি কোনও সহৃদয় ব্যক্তি তাকে খুঁজে পান আমাদের জানাবেন।"অন্ডাল গ্রাম বিজেপির তরফে এমনই পোস্টার দেওয়া হয়েছে বলে খবর।

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরই লোকসভা ভোট এই কেন্দ্রে। ভোটের প্রাক্কালে অভিযোগ পাল্টা অভিযোগে জমজমাট রাজনৈতিক মঞ্চ। ইতিমধ্যেই ভোট প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে আসানসোল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা আসানসোল লোকসভা কেন্দ্রের এবারের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে পড়ল পোস্টার।
কেন অন্ডাল এলাকায় এই ধরনের পোস্টার? এই বিষয়ে পশ্চিম বর্ধমান জেলার বিজেপির কিষাণ মোর্চার সহ-সভাপতি রবীন্দ্রনাথ রায় মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, উপ নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। কিন্তু তারপর থেকেই শত্রুঘ্ন সিনহাকে এলাকার মানুষ দেখতে পায়নি। সেজন্য বিজেপির তরফ থেকে এই ধরনের পোস্টার দেওয়া হয়েছে।
অন্য দিকে, অন্ডাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল নেতা সুধীন পান্ডে কটাক্ষ করেছেন। বিজেপি আসানসোলের প্রার্থী দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছিল না। বিজেপি আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে যার নাম ঘোষণা করেছেন, তিনিই দুর্গাপুরে পাঁচ বছর ধরে নিখোঁজ ছিলেন। এই মর্মে পোস্টারও পড়েছিল দুর্গাপুর শহর অঞ্চল জুড়ে।
যেহেতু বিজেপি মানুষের পাশে থাকে না। পাঁচ বছরে কোনও কাজ করেনি৷ তাই করার কিছু নেই বলেই এই ধরনের কুৎসা ছড়াচ্ছেন। এমনই পাল্টা অভিযোগ তৃণমূলের। সুদিনবাবু জানান, আসানসোল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ সত্রুঘ্ন সিনহাকে তারা সব সময় পাশে পান। তিনি সব সময় এলাকার মানুষের পাশে থেকেছেন।












Click it and Unblock the Notifications