১০ নম্বর জাতীয় সড়ক এখনও ধসের কবলে, বৃষ্টিতে দার্জিলিং, কালিম্পংয়ে বাড়ছে আশঙ্কা
পরপর দিন কয়েকের বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গ। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং সহ একাধিক জায়গায় জনজীবন বিপর্যস্ত। পুজোর সময় উত্তরবঙ্গে পর্যটকদের ভিড় শুরু হয়। মরশুম শুরুর মুখেই ফের ভারী বৃষ্টি পরিস্থিতিকে ব্যাহত করে দিল।
১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে। যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। কত দিনে রাস্তা সম্পূর্ণ মেরামত হবে? তাই নিয়ে প্রশ্ন থাকছে। তার মধ্যেই আশঙ্কা রয়েছে নিম্নচাপের বৃষ্টির। অক্টোবরের শুরুতে আবার কি বৃষ্টি হবে? তাই নিয়ে আশঙ্কার মেঘ উত্তরবঙ্গে।

গত কয়েক দিনের ধারাবাহিক বৃষ্টিতে আবারও তিস্তায় ব্যাপক জলস্তর বেড়েছে। ফের ভারী বৃষ্টি হলে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এমন আশঙ্কাও করা হচ্ছে। উত্তরবঙ্গের নদীগুলিতে জল বেড়েছে গত এক সপ্তাহে। নেপালেও ভয়াবহ দুর্যোগ চলছে। ফলে উত্তরবঙ্গে পরিস্থিতি কতটা খারাপ হতে পারে? তাই নিয়ে ফের প্রশ্ন উঠেছে। আগামী সপ্তাহে কি ফের নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে? তার জেরে কি উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে? সেই প্রশ্নই এখন তাড়া করছে সাধারণ মানুষকে।
১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গা ধসের কারণে বন্ধ। চিত্রে, বিরিকদাঁড়া, সেতিঝোরায় ধস নেমেছে। এছাড়াও ১০ নম্বর দার্জিলিং - কালিম্পং রোডেও যান চলাচল বন্ধ রয়েছে। কালিম্পং, শিলিগুড়ি, সিকিমের মধ্যেও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। একাধিক রাস্তা জলমগ্ন রয়েছে বলে খবর। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
গজলডোবা ব্যারাজ থেকে জল ছাড়া হয়েছে। তিস্তা, জলঢাকা সহ অন্যান্য নদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে। জাতীয় সড়ক বন্ধ থাকার কারণে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে কালিম্পং, সিকিম সহ অন্যান্য এলাকা। ফলে গাড়ি ভাড়া অনেকটাই বেশি খরচ হচ্ছে।












Click it and Unblock the Notifications