বিজেপি ৩২, তৃণমূল ১৫, কংগ্রেস ৯! TMC-কে বড় ধাক্কা দিল Congress, উত্তরবঙ্গে কোন বিধানসভা ক্ষেত্রে কাদের লিড?
North Bengal Results: উত্তরবঙ্গের মন জয়ে ব্যর্থ তৃণমূল, মালদহে চমক দিল কংগ্রেস। কোচবিহার লোকসভা আসনটিই শুধু বিজেপির থেকে ছিনিয়ে নিতে পেরেছে রাজ্যের শাসক দল।
যদিও বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে তৃণমূল অনেক বিধানসভা ক্ষেত্রেই পিছিয়ে পড়েছে। মালদহে সবচেয়ে বড় চমক দিয়েছে কংগ্রেস। মুর্শিদাবাদ জেলার ২ জেতা বিধানসভাতেও এবার পিছিয়ে তৃণমূল।

উত্তরবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রের ৫৬টি বিধানসভা ক্ষেত্রে বিজেপি ৩২টি, তৃণমূল ১৫টি এবং কংগ্রেস ৯টিতে এগিয়ে রয়েছে। বিজেপির আসন যা কমেছে তার থেকে লিড হয়েছে বেশি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ তৃণমূলের মন্ত্রী-বিধায়কদের খাসতালুকে কংগ্রেসের এগিয়ে যাওয়া।
কোচবিহার: বিজেপি এগিয়ে- মাথাভাঙা, কোচবিহার উত্তর, নাটাবাড়ি। তৃণমূল এগিয়ে- কোচবিহার দক্ষিণ, শীতলখুচি, সিতাই, দিনহাটা। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে জিতে থাকা কোচবিহার দক্ষিণ ও শীতলখুচি আসনে পিছিয়ে পড়েছে বিজেপি।
আলিপুরদুয়ার: বিজেপি এগিয়ে- তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট। তৃণমূল এগিয়ে- নাগরাকাটা। ২০২১ সালে আলিপুরদুয়ারের বিজেপির টিকিটে জেতা সুমন কাঞ্জিলাল তৃণমূলে যোগ দিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়েছেন। যদিও লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ারে এগিয়েই আছে বিজেপি। নাগরাকাটায় যদিও পিছিয়ে পড়েছে বিজেপি।
জলপাইগুড়ি: বিজেপি এগিয়ে- ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি। তৃণমূল এগিয়ে- মেখলিগঞ্জ, রাজগঞ্জ, মাল। ২০২১ সালে ধূপগুড়িতে বিজেপি জেতে। তবে বিধানসভা উপনির্বাচনে জয়ী ড. নির্মলচন্দ্র রায়কে লোকসভা নির্বাচনে প্রার্থী করেছিল তৃণমূল। ধূপগুড়ি মহকুমাও হয়। কিন্তু এবার পিছিয়ে পড়েছে তৃণমূল। ২০২১-এ জিতলেও জলপাইগুড়ি বিধানসভায় পিছিয়ে পড়েছে রাজ্যের শাসক দল।
দার্জিলিং: বিজেপি এগিয়ে- কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া। তৃণমূল এগিয়ে- চোপড়া। ২০২১-এ তৃণমূল এগিয়ে ছিল চোপড়াতেই। কালিম্পংয়ে জিতেছিল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা।
রায়গঞ্জ: বিজেপি এগিয়ে- করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ। তৃণমূল এগিয়ে- ইসলামপুর, গোয়ালপোখর। কংগ্রেস এগিয়ে- চাকুলিয়া। গোয়ালপোখরে বিজেপি তিনে, দুইয়ে কংগ্রেস। করণদিঘি ও হেমতাবাদ আসনে তৃণমূল জিতেছিল ২০২১ সালের বিধানসভা ভোটে। সেই দুটি আসনে লোকসভা নির্বাচনে বিজেপির লিড। চাকুলিয়াতেও তৃণমূলের বিধায়ক রয়েছেন, যদিও সেখানে লিড কংগ্রেসের।
বালুরঘাট-: বিজেপি এগিয়ে- বালুরঘাট, তপন, গঙ্গারামপুর। তৃণমূল এগিয়ে- ইটাহার, কুশমণ্ডি, কুমারগঞ্জ, হরিরামপুর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জেতা আসনগুলিতে দুই দলই নিজেদের লিড বজায় রেখেছে।
মালদহ উত্তর: বিজেপি এগিয়ে- হবিবপুর, গাজোল, মালদহ। কংগ্রেস এগিয়ে- চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া। এই সব কটি আসনেই তৃণমূল জিতেছিল ২০২১ সালের বিধানসভা নির্বাচনে। বিজেপিকে কোনও আসন খোয়াতে হয়নি। যদিও কোনও বিধানসভা আসনে এগিয়ে না থেকেও তৃণমূল দ্বিতীয় স্থান পেয়েছে।
মালদহ দক্ষিণ: বিজেপি এগিয়ে- মানিকচক, ইংরেজবাজার, বৈষ্ণবনগর। কংগ্রেস এগিয়ে- মোথাবাড়ি, সুজাপুর, ফরাক্কা, সামশেরগঞ্জ। এই লোকসভা কেন্দ্রে একমাত্র ইংরেজবাজারেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জেতে বিজেপি। বাকি সব আসনে জিতেছিলেন তৃণমূলের প্রার্থীরা। যদিও তৃণমূল এবার কোনও বিধানসভা ক্ষেত্রেই এগিয়ে নেই।












Click it and Unblock the Notifications