National Games 2025: জোড়া পদক মৌমিতার, বাংলার ঝুলিতে জাতীয় গেমসের আরও ২টি সোনা
National Games 2025: জাতীয় গেমসে ফের সোনালি সাফল্য বাংলার। আজ দুটি সোনা এলো বাংলার ঝুলিতে। ফলে জাতীয় গেমসে এখনও অবধি বাংলা ৯টি সোনা জিতল।
পদক তালিকায় বাংলা রয়েছে ১২ নম্বরে। বাংলা ৯টি সোনা, ৮টি রুপো ও ১১টি ব্রোঞ্জ-সহ মোট ২৮টি পদক জিতেছে। পদক নিশ্চিত হয়েছে আরও বেশ কয়েকটি।

যোগাসনে বাংলা তিনটি সোনা, ১টি রুপো জিতেছে। সাঁতারে এসেছে ২টি সোনা, ১টি রুপো, ২টি ব্রোঞ্জ। লন বলে ১টি সোনা, ৩টি রুপো ও চারটি ব্রোঞ্জ এসেছে। অ্যাথলেটিক্সে এসেছে ১টি সোনা ও ১টি রুপো। জিমন্যাসটিক্স ও তিরন্দাজিকে ১টি করে সোনা।
এখনও অবধি জাতীয় গেমসে ভারোত্তোলনে বাংলা ২টি রুপো, উশুতে ২টি ব্রোঞ্জ, ফুটবল, খো খো ও শ্যুটিংয়ে ১টি করে ব্রোঞ্জ জিতেছে। পদক তালিকার শীর্ষে রয়েছে সার্ভিসেস। প্রথম পাঁচে বাকিদের মধ্যে যথাক্রমে রয়েছে কর্ণাটক, মহারাষ্ট্র, হরিয়ানা ও মধ্যপ্রদেশ।
মহিলা ও পুরুষদের ১০০ মিটার হার্ডলসে সোনা জিতেছেন অন্ধ্র প্রদেশের জ্যোতি ইয়ারাজি ও মহারাষ্ট্রের তেজস শিরসে। দুজনেই জাতীয় রেকর্ডের অধিকারী। ২০২২ ও ২০২৩ সালে যথাক্রমে গুজরাত ও গোয়ায় এই বিভাগে তাঁরা সোনা জিতেছিলেন। এবার জিতলেন গেমস রেকর্ড গড়ে।
২৫ বছরের ইয়ারাজি এশিয়ান চ্যাম্পিয়ন, হাংঝৌ এশিয়ান গেমসে রুপো জিতেছিলেন। তিনি এদিন সময় করলেন ১৩.১০ সেকেন্ড। আগে তাঁর গেমস রেকর্ড ছিল ১৩.২২ সেকেন্ডের। ২০২৩ সালে তাঁর জাতীয় রেকর্ড (১২.৭৮ সেকেন্ড) এদিন ভাঙতে পারেননি। বাংলার মেয়ে মৌমিতা মণ্ডল ১৩.৩৬ সেকেন্ড সময় করে রুপো জিতেছেন।
১০০ মিটার হার্ডলসে সোনা জিততে না পারলেও মৌমিতা সোনা জিতলেন লং জাম্পে। তাঁর সেরা প্রয়াসটি ছিল ৬.২১ মিটারের। যার ফলে এদিনই রুপোর পর সোনা জেতার নজির গড়লেন মৌমিতা। আর্টিস্টিক জিমন্যাসটিক্সে বাংলার মেয়েদের দলও আজ সোনা জিতল।
পার্থ মণ্ডলের প্রশিক্ষণাধীন বাংলার আর্টিস্টিক জিমন্যাসটিক্স দলে ছিলেন প্রণতি দাস, প্রতিষ্ঠা সামন্ত, বিদিশা গায়েন, ঋতু দাস, জিনিয়া দেবনাথ, স্বস্তিকা গঙ্গোপাধ্যায়। টেনিসের মিক্সড ডাবলস সেমিফাইনালে নেমেছিলেন নীতিন সিনহা ও যুবরানি বন্দ্যোপাধ্যায়। তাঁরা তামিলনাড়ুর জুটির কাছে হেরে গেলেও ব্রোঞ্জ জেতেন।
টেবল টেনিসে আজ জয় দিয়ে অভিযান শুরু করেছেন অলিম্পিয়ান মৌমা দাস, সুতীর্থা ও ঐতিহা মুখোপাধ্যায়। বাংলার পুরুষদের টিটি দল কাল সেমিফাইনালে খেলবে তামিলনাড়ুর বিরুদ্ধে। ইতিমধ্যেই এই দল ব্রোঞ্জ নিশ্চিত করে ফেলেছে। ফাইনালে উঠলে পদকের রং বদলাবে।












Click it and Unblock the Notifications