Dev Wins Ghatal: ঘাটালের কেশপুরেই ১.৩ লক্ষ লিড দেবের! 'নন্দীগ্রামের মা'য়ের আসনে এগিয়ে বিজেপি
Ghatal LS: এবারের লোকসভা নির্বাচনে ঘাটালের দিকে দুই নায়কের লড়াইয়ের দিকে ছিল নজর। হিরণ চট্টোপাধ্যায়কে হারিয়ে শেষ হাসি হেসেছেন দীপক অধিকারী (দেব)।
দেবের জয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার কিন্তু যাচ্ছে কেশপুরের ঝুলিতেই। সেখান থেকেই দেব ১ লক্ষ তিন হাজার বেশি ভোটের লিড পেয়েছেন। তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়েছে নন্দীগ্রামের মায়ের বিধানসভা ক্ষেত্রেই।

ঘাটাল লোকসভা কেন্দ্র ২০১৪ সালে দেব প্রথমবার সাংসদ হন ২,৬০,৮৯১ ভোটে জিতে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সেই মার্জিন ছিল ১,০৭,৯৭৩ ভোটের। এবার দীপক অধিকারী (দেব)-এর জয়ের ব্যবধান ১,৮২,৮৬৮। হিরণ নির্বাচনের দিন কেশপুরে যেতে গেলে সেখানে তাঁকে বাধা দেওয়া হয়েছিল।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে হিরণের কেশপুরে যাওয়ার পথ পরিষ্কার করতে পারেনি কেন্দ্রীয় বাহিনীও। রাস্তার উপর চলতে থাকে প্রতিবাদ-বিক্ষোভ। শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কেন হিরণ কেশপুরে ঢুকবেন? এই আজব দাবি তুলে তৃণমূল বিক্ষোভ চালায়। হিরণ অভিযোগ করেছিলেন ভোট লুঠের।
ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে পাঁশকুড়া পশ্চিম, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল ও কেশপুর। এর মধ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ঘাটালেই জিতেছিল বিজেপি। এবারের লোকসভা নির্বাচনে ঘাটাল বিধানসভা ক্ষেত্রে এগিয়ে গিয়েছে তৃণমূল, পাঁশকুড়া পশ্চিমে লিড বিজেপির।
পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রের তৃণমূল বিধায়ক নন্দীগ্রামের মা বলে পরিচিত ফিরোজা বিবি। এই কেন্দ্রটি পূর্ব মেদিনীপুর জেলায় পড়ে। পাঁশকুড়া পশ্চিম বিধানসভা ক্ষেত্রে দেব পেয়েছেন ১,০৮,২৩৯ ভোট, হিরণ পেয়েছেন ১,০৮,৪১৫টি ভোট। সামান্য হলেও এগিয়ে বিজেপি।
সবংয়ে দেব পেয়েছেন ১,২৮,০২৪ ভোট, হিরণ ৯৫,৩৪১। পিংলায় তৃণমূল ১,১৮,৬২৭টি ভোট পেয়েছে, বিজেপি পেয়েছে ৯৮,৭১৪ ভোট। ডেবরায় তৃণমূল পেয়েছে ৯৪,৫৫৯ ভোট, বিজেপি ৮৮,৭৯৩। দাসপুরে তৃণমূল পেয়েছে ১,১৩,৬৯০ ভোট, বিজেপি ৯৭,১৭৯। ঘাটালে তৃণমূল পেয়েছে ১,০৯,২৮৯টি ভোট, বিজেপি পেয়েছে ১,০৪,৮৮৪টি ভোট।
তবে উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে কেশপুরে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কেশপুর থেকে ২০,৭২০ ভোটে জিতেছিলেন শিউলি সাহা। এই কেশপুর বিধানসভাই এবার দেবকে ১ লক্ষ ৩ হাজার ৩৫৮ ভোটের লিড দিয়েছে। তৃণমূল পেয়েছে ১,৬২,১৩০ ভোট, বিজেপির ঝুলিতে গিয়েছে ৫৮,৭৭২ ভোট। উল্লেখ্য, শিউলি সাহা বিধানসভা নির্বাচনে পেয়েছিলেন ১,১৬,৯৯২ ভোট, বিজেপি প্রার্থী পেয়েছিলেন ৯৬,২৭২ ভোট। বিজেপি শিবির অবশ্য দাবি করছে, কেশপুরের এই ফলাফলই স্পষ্ট করছে নির্বাচনের দিন ভোট লুঠের দাবি ভিত্তিহীন ছিল না।












Click it and Unblock the Notifications