Atishi's Decision: অতীশী দায়িত্ব নিলেও বসলেন না মুখ্যমন্ত্রীর চেয়ারে, রামায়ণের কথা মনে করালেও খোঁচা দিল বিজেপি
Atishi's Decision: দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অতীশী। অরবিন্দ কেজরিওয়ালের হাতে থাকা ১৩টি দফতরও তিনিই দেখবেন।
তবে দায়িত্ব গ্রহণের সময়ই বড় চমক দিলেন অতীশী। বসলেন না মুখ্যমন্ত্রীর চেয়ারে। সেই চেয়ারে যেটিতে বসতেন অরবিন্দ কেজরিওয়াল। নিজের এই সিদ্ধান্তের জন্য রামায়ণের কথাও মনে করালেন অতীশী।

অতীশী বলেন, রামচন্দ্র ১৪ বছরের বনবাসে যাওয়ায় অযোধ্যার শাসনভার সামলাতে হয়েছিল ভরতকে। তিনি রামচন্দ্রের পাদুকা রেখেই সেই দায়িত্ব পালন করেছিলেন। সে কারণেই, এই চেয়ারটি ফাঁকা রাখছি। আমি চার মাসের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাব। ততদিন এই চেয়ারটিতে আমি বসব না।
Taking charge as the Chief Minister of Delhi. LIVE https://t.co/AvLpC8u1f6
— Atishi (@AtishiAAP) September 23, 2024
অতীশীর কথায়, বিগত ২ বছর ধরে বিজেপি অরবিন্দ কেজরিওয়ালকে নানাভাবে হেনস্থা করেছে, গ্রেফতার করিয়েছে, ৬ মাসে কারাবাসে থাকতে বাধ্য করেছে। সুপ্রিম কোর্টের রায়ে মুক্তি পাওয়ার পর কেজরির জায়গায় অন্য কেউ হলে তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে দেরি করতেন না। কিন্তু কেজরিওয়াল সিদ্ধান্ত নিয়েছেন দিল্লিবাসীর কাছে সৎ, নির্দোষ, বিশ্বাসযোগ্য হিসেবে নিজেকে প্রমাণ না করা অবধি মুখ্যমন্ত্রী হবেন না।
দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অতীশী নিশ্চিত, ফেব্রুয়ারিতে দিল্লির যে নির্বাচন হবে তাতে দিল্লির মানুষের বিপুল জনসমর্থন, আশীর্বাদ, ভালোবাসা নিয়ে ফের মুখ্যমন্ত্রী হবেন অরবিন্দ কেজরিওয়াল। ততদিন মুখ্যমন্ত্রীর দফরে কেজরিওয়ালের চেয়ারটি তাঁরই অপেক্ষায় থাকবে।
শীলা দীক্ষিত, সুষমা স্বরাজের পর অতীশী দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী। ৪৩ বছরের অতীশী দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রীও বটে। স্বাস্থ্য, রাজস্ব, অর্থ, বিদ্যুৎ, পূর্ত-সহ ১৩টি দফতর নিজের হাতে রেখেছেন অতীশী। তাঁর এই মুখ্যমন্ত্রীর চেয়ার খালি রাখার সিদ্ধান্ত নিতে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি।
দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেভার কথায়, মুখ্যমন্ত্রীর দফতরে এভাবে দুটি চেয়ার রাখা সংবিধান, বিধি এবং মুখ্যমন্ত্রীর দফতরকেই অসম্মান করা। অতীশী যে আদর্শের কথা বলছেন সেই অনুযায়ী কাজ এটা নয়, এটা তোষামোদ করার নমুনা। এমন আচরণে দিল্লিবাসীর আবেগকে আহত করা হচ্ছে বলে দাবি বিজেপির।












Click it and Unblock the Notifications