আনন্দ উৎসবের প্রস্তুতি শুরু চন্দননগরে, রীতি মেনে হল কাঠামো পুজো
দুর্গা পুজো শেষ হয়ে গিয়েছে। কলকাতা , হাওড়া সহ সর্বত্র যখন দুঃখের ছোঁয়া তখন এখানে আনন্দের জন্য বুক বাঁধতে শুরু করেছেন মানুষ। আর সেটা চন্দনগরে। হয়ে গিয়েছে কাঠামো পূজা। এটাই আসলে এখানকার রীতি। দশমী মিটলেই জোর কদমে শুরু হয়ে যায় পূজা প্রস্তুতি। সেটাই হল। এই বছরেও সেখানকার মানুষ আলোর উৎসবে ভাসতে প্রস্তুত হচ্ছেন। এক প্রকার বলা যেতে পারে যে আলোর উৎসবের শুরু হয়ে যাবে।

চন্দনগরের জগৎ বিখ্যাত জগদ্ধাত্রী পুজো! ঐতিহাসিক এই শহরে জগদ্ধাত্রী পূজা নিতান্তই পূজা বা উৎসব নয়, এক অদ্ভুত রকমের আবেগ, ভালোবাসা, আকর্ষন কাজ করে এই শহরের প্রতিটি মানুষের মনে! ৮ হোক কিংবা ৮০, আবেগের মাত্রায় কেউই পিছিয়ে থাকে না।
প্রস্তুতি ও পরিকল্পনা ব্যস্ততায় আবারও পুজো আসছে শহরে! প্রতিটি পূজা কমিটি নিজেদের সবটুকু সামর্থ দিয়ে শহরটাকে সাজিয়ে তুলবে আবারও! মা যে ফিরছে নিজের শহরে জগদ্ধাত্রী বা জগদ্ধাত্রী দুর্গা হিন্দু শক্তি দেবী। উপনিষদে এঁর নাম উমা হৈমবতী। জগদ্ধাত্রী পুজা সাধারণত বাংলাতেই প্রচলিত। জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না, চতুর্ভূজা ও সিংহবাহিনী। তাঁর হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ; গলায় নাগযজ্ঞোপবীত। বাহন সিংহ করীন্দ্রাসুর অর্থাৎ হস্তীরূপী অসুরের পৃষ্ঠে দণ্ডায়মান। দেবীর গাত্রবর্ণ উদিয়মান সূর্যের ন্যায়। হিন্দু বাঙালির ধর্মীয়ভাবে রাজসিক দেবী দুর্গা ও তামসিক কালীর পরেই স্থান সত্ত্বগুণের দেবী জগদ্ধাত্রীর। ধ্যান বা স্তবমন্ত্রে উল্লেখ না থাকলেও জগদ্ধাত্রী প্রতিমায় বাহন সিংহের পদতলে একটি হস্তীমুণ্ড থাকে। প্রচলিত বিশ্বাস অনুসারে, জগদ্ধাত্রী দেবী করীন্দ্রাসুর অর্থাৎ মহাহস্তী রূপী অসুরকে বধ করেছিলেন। এই কারণে দেবী জগদ্ধাত্রী করীন্দ্রাসুরনিসূদিনী নামে পরিচিত।
দেবী জগদ্ধাত্রীর পুজা অনুষ্ঠিত হয় দুর্গা পুজার ঠিক একমাস পর কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে। কাত্যায়নীতন্ত্রে কার্তিকী শুক্লা নবমীতে দেবী জগদ্ধাত্রীর আবির্ভূত হওয়ার কথা আছে। জগদ্ধাত্রী পুজা তান্ত্রিক পুজা। সপ্তমী, অষ্টমী ও নবমী - এই তিন দিন জগদ্ধাত্রীর পুজা হয়ে থাকে। দুর্গা পুজার ন্যায় জগদ্ধাত্রী পুজাতেও বিসর্জন ও বিজয়ার ধারা প্রচলিত। এমনকি পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্রসহ পুজার অনেক মন্ত্রও দুর্গা পুজার অনুরূপ। এই পুজা সপ্তমী অষ্টমী নবমী যেমন তিন দিনের পূজাবিধি ভিন্ন রুপে দেখা যায় আবার কার্তিকী শুক্লা নবমী তিথিতে একই দিনে তিন দিনের পুজো অনুষ্ঠিত হতে দেখা যায়।












Click it and Unblock the Notifications