ISL 2024-25: আইএসএলে দুরন্ত জয় বেঙ্গালুরু এফসি'র, তিন গোলে উড়িয়ে দিল জামশেদপুরকে
ISL 2024-25: আইএসএলে হোম ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিল বেঙ্গালুরু এফসি। আজ বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে সুনীল ছেত্রীরা হারালেন জামশেদপুর এফসিকে।
জয় এলো ৩-০ গোলে। জোড়া গোল করলেন আলবার্তো নগুয়েরা। একটি গোল এডগার মেন্দেজের। জয়ের ব্যবধান বাড়লেও অবাক হওয়ার কিছু ছিল না।

ছয় ম্যাচ জয় অধরা থাকার পর আজ বেঙ্গালুরু এফসি তিন পয়েন্ট আদায় করার পাশাপাশি জোরালো করল প্লে-অফে যাওয়ার সম্ভাবনাও। ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এলো বেঙ্গালুরু।
আজকের ম্যাচের শুরু থেকেই বেঙ্গালুরুর খেলায় জয়ের তাগিদ লক্ষ্য করা যাচ্ছিল। যার ফলে প্রচুর সুযোগও তৈরি হতে থাকে। জামশেদপুরের গোলকিপারকে একা পেয়েও গোল করার সুযোগ নষ্ট করেন মেন্দেজ।
জামশেদপুরের সৌরভ দাস বক্সের মধ্যে সুরেশ ওয়াংজামকে ফেলে দিলে পেনাল্টি পায় জামশেদপুর। সুনীল ছেত্রী পেনাল্টি থেকে গোল করার লক্ষ্য নিয়ে যান। তবে দুরন্তভাবে সুনীলের শট রুখে দেন আলবিনো গোমস। যদিও বিরতির আগে, ম্যাচের ৪৩ মিনিটে বেঙ্গালুরুকে এগিয়ে দেন মেন্দেজ। প্রতীক চৌধুরী বল ক্লিয়ার করতে না পারার ফায়দা তুলে।
দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মাথায় বেঙ্গালুরুর ব্যবধান বাড়ান আলবার্তো নগুয়েরা। দুরন্ত ফ্রি কিক থেকে গোল করে। রাহুল ভেকে গোল করার জন্য হেড দিতে গিয়েছিলেন। কিন্তু বল তাঁর মাথায় লাগেনি। যদিও রাহুলের এই প্রয়াসই জামশেদপুরের রক্ষণকে বিব্রত করে দেয়। নিট ফল নগুয়েরার প্রথম গোলে বেঙ্গালুরু এগিয়ে যায় ২-০-এ।
ম্যাচের ৮২ মিনিটে নগুয়েরার দ্বিতীয় গোল, বেঙ্গালুরুর তৃতীয়। এদিনের ম্যাচে বেঙ্গালুরু এফসি খেলায়নি গুরপ্রীত সিং সান্ধুকে। চলতি মরশুমে প্রথম ম্যাচ খেললেন লালথুয়ামাউইয়া রালতে। মাঠ ছাড়লেন ক্লিন শিট বজায় রেখেই। জামশেদপুর ম্যাচ হারলেও ১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে রইল তৃতীয় স্থানেই। ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চারে বেঙ্গালুরু এফসি। গোলপার্থক্যের নিরিখে পাঁচে মুম্বই সিটি এফসি।












Click it and Unblock the Notifications