আবাবুলের নাম তুলে ভাঙড়ে সওকত মোল্লার বিরুদ্ধে পোস্টার! অভিযোগ সুমন-সুগত-মিমির বিরুদ্ধেও
একাধিক অভিযোগে জেলে বন্দি তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তাঁর এলাকায় এবার পোস্টার পড়ল এলাকার আরেক দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা সওকত মোল্লার বিরুদ্ধে। ভাঙড়ের পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় লাগানো বেশ কিছু পোস্টারে সওকল মোল্লাকে এলাকায় অশান্তির কারিগর বলে বর্ণনা করা হয়েছে। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে।
তৃণমূলের তরফে পোলেরহাট থানায় মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে। পুলিশও এব্যাপারে তদন্ত শুরু করেছে।

পোস্টার প্রশাসনের বিরুদ্ধে
পোস্টারে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। বলা হয়েছে, ক্যানিং ও জীবনতলা এলাকা থেকে লোক এনে ভাঙড়ে সন্ত্রাস করে খুন করার দায়ে আরাবুল ইসলাম জেলে। কিন্তু সেই একই ঘটচনায় সওকত মোল্লা বাইরে কেন?
পোস্টার তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে
অপর একটি পোস্টারে মুখ্যমন্ত্রীর সওকল মোল্লাকে বোমা বাধার কথা বলার উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে বোমা-গুলির মাস্টারমাইন্ড সওকত মোল্লার ঠাঁই নাই ভাঙ্গড়ে। পোস্টারে যাদবপুরে তৃণমূলের প্রাক্তন তিন সাংসদ কবীর সুমন, সুগত বসু এবং মিমি চক্রবর্তীর নাম উল্লেখ করে বলা হয়েছে, তাঁরা সাংসদ হয়ে ভাঙড়ের জন্য কী কাজ করেছেন? এব্যাপারে সওকত মোল্লা ছাড়াও তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের কাছে জবাব চাওয়া হয়েছে।
পোস্টার সওকত মোল্লার বিরুদ্ধে
শ্যামনগর মোড়ে দেওয়া আরেকটি পোস্টারে প্রশ্ন করা হয়েছে, জনগণের প্রকল্পের টাকা চুরি করে নেতা-মন্ত্রীরা জেলে কেন? সেখানে সওকত মোল্্লাকে কয়লা চুরি কাণ্ডে অভিযুক্ত করা হয়েছে। সেখানে কোনও পোস্টারে নেই কোন সংগঠন এই পোস্টার দিয়েছে।
কারা দিল পোস্টার
প্রশ্ন উঠছে রাতের অন্ধকারে কে দিল এইসব পোস্টার। জেল বন্দি আরাবুল ইসলামের অনুগতরা এই পোস্টার দেননি তো, প্রশ্ন তৃণমূলের অন্দরমহলে। তবে যে এলাকায় এইসব পোস্টার বেশি পড়েছে, সেই পোলেরহাট ২ এলাকাটি জমি রক্ষা কমিটির পুরনো এলাকা। এছাড়া আশপাশের এলাকায় আইএসএফও শক্তি রয়েছে। ফলে তারাও যুক্ত থাকতে পারে বলে মনে করছে তৃণমূলের একটি অংশ। তবে জমি রক্ষা কমিটি কিংবা আইএসএফ, সবাই পোস্টারের দায় নিতে অস্বীকার করেছে।
কী বলছেন সওকত?
ভোটের মুখে এই ধরনের পোস্টার ক্ষুব্ধ সওয়কত মোল্লা। তাঁর দাবি জমি রক্ষা কমিটির থেকে লোকজন তৃণমূলে যোগ দিচ্ছে, তাই এইসব পোস্টার দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ তৃণমূল বিরোধীদের দিকেই। তিনি বলেছেন, যত এইধরনের ঘটনা ঘটবে, ততই তৃণমূলের শক্তি বাড়বে।












Click it and Unblock the Notifications