আরাবুল গ্রেফতার হতেই ভাঙড়ে অশান্তি, লাঠি চালাতে হল পুলিশকে!
শুক্রবার সকাল থেকে ভাঙড়ের অশান্তি ছড়িয়েছে। দলীয় পতাকা লাগানো ও পতাকা ছেঁড়া এই বিষয়কে সামনে রেখে তৃণমূলের মধ্যে বিবাদ। ভাঙড়ের 'তাজা নেতা' আরাবুল ইসলাম গতকাল বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন। তারপর থেকেই চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।
ভাঙড়ের চালতাবেড়িয়া কোচপুকুর এলাকায় দলীয় পতাকা লাগানো কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। অভিযোগ, শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেস দলীয় পতাকা লাগাচ্ছিল। সেই সময় আইএসএফের দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে। ওই এলাকায় আগে থেকেই আইএসএফের পতাকা লাগানো ছিল।

যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, তারা পতাকা ছেঁড়েনি। আইএসএফের পতাকা মাটিতে পড়েছিল। এই নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রীতিমতো গণ্ডগোল লেগে যায়। উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠি চালাতে হয় পুলিশকে। সাময়িকভাবে ওই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গিয়েছে বলে খবর।
তবে আরাবুল ইসলামকে গ্রেফতারের পর থেকে ভাঙড়ে চাপা উত্তেজনা রয়েছে। বৃহস্পতিবার এই তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আরাবুল ইসলাম যথেষ্ট প্রভাবশালী। সে কারণে তাকে স্থানীয় থানায় রাখা হয়নি। রাতেই কলকাতার লালবাজারে নিয়ে আসা হয়েছিল।
শুক্রবার সকালে পোলেরহাট হাইস্কুলের পাশে বোমা উদ্ধার করা হয়েছে। আবর্জনা স্তূপে ওই বোম পড়ে থাকতে দেখা যায়। অশান্তির আঁচ পাওয়া যাচ্ছে বিভিন্ন এলাকায়। পুলিশ পরিস্থিতির দিকে নজর রাখছে।












Click it and Unblock the Notifications