সন্দেশখালির ঘটনা থেকে নজর ঘোরাতে আরাবুল ইসলামকে গ্রেফতার, কটাক্ষ দিলীপ ঘোষের
ভাঙড়ে তৃণমূলের 'তাজা নেতা' আরাবুল ইসলাম গ্রেফতার হয়েছেন৷ সেই বিষয়ে কটাক্ষ করলেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। সন্দেশখালির ঘটনা থেকে নজর ঘোরাতে আরাবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এই দাবি করলেন দিলীপ।
শুক্রবার সকালে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি বলেন, সন্দেশখালির ঘটনায় শেখ শাহজাহানকে এখনও ধরা হল না। পুলিশ শেখ শাহজাহানকে ধরছে না। ওই ঘটনা থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সেজন্য ভাঙড়ে আরাবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

ভাঙড়ে আরাবুল ইসলাম, শওকত মোল্লার মধ্যে বিবাদের কথাও শোনা যাচ্ছে। শওকত মোল্লার অঙ্গুলিহেলনে আরাবুল গ্রেফতার হয়েছেন। এমন চর্চা উঠছে। এই বিষয়ে দিলীপ ঘোষ দাবি করেছেন, এদের মধ্যে ঝামেলা নতুন নয়। তৃণমূলের উপরতলা পর্যন্ত এই বিষয়ে জানা রয়েছে। যার রাজনৈতিক শক্তি বেশি থাকে, সে অন্যকে দমিয়ে দেয়। এই অত্যাচার লড়াইতে সাধারণ মানুষ অতিষ্ঠ।
নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। বিজেপি তৃণমূলের ১৮ জন নেতার বিরুদ্ধে অভিযোগ করেছিল। পুলিশ সঠিক ভূমিকা নিলে প্রত্যেকেই জেল হাজতে থাকতেন। এমনই দাবি করেছেন দিলীপ ঘোষ। বিজেপি শুধু নয়, সিবিআই পরবর্তীকালে মামলা করেছিল। কিন্তু কোনও সুরাহা হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে সিবিআই অভিযান করতে পারে। এমন কথা শোনা যাচ্ছে। বিজেপি সাংসদ জানিয়েছেন, অনেক কিছুই শোনা যায়। আগে কিছু বলা যায় না।
আগামী দিনে আর নির্বাচনের লড়তে চাইছেন না সাংসদ দেব। এই কথা রীতিমতো চর্চায় চলে এসেছে। দেবের কথাতেও এই বিষয়টি অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। ঘাঁটালের সাংসদ দেবের সঙ্গে কথা বলতে চাইছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুজনের বৈঠক হওয়ার কথা শোনা গিয়েছে। এই বিষয়েও মন্তব্য করলেন দিলীপ ঘোষ।
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কটাক্ষ করেছেন, দেব ও দেবী ছাড়া তৃণমূল ভোটে জিততে পারবে না। দেব এরপর ভোটে লড়বেন কী না সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার, দলের বিষয়। আগেও দেব নির্বাচনে লড়তে চাননি। তখন দল তাঁকে জোর করিয়ে নির্বাচনে লড়িয়েছিল। আগামী দিনে কী হবে? সেটা তৃণমূলের নিজস্ব বিষয়।












Click it and Unblock the Notifications