ধাপে ধাপে নয়, একবারেই বড় ছাঁটাই! অর্ধেক কর্মীকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিল এই সংস্থা, হতবাক সকলে
বছরের অন্যতম বড় প্রযুক্তি সংক্রান্ত ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল পেমেন্ট সংস্থা ব্লক (Block)। কর্মী সংখ্যা প্রায় অর্ধেক করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্থার সিইও জ্যাক ডরসি (Jack Dorsey)। ১০ হাজারেরও বেশি কর্মী থেকে কমে গিয়ে তা নামবে ৬ হাজারেরও নিচে। অর্থাৎ ৪ হাজারের বেশি কর্মী সংস্থা ছাড়বেন।

এক দীর্ঘ পোস্টে ডরসি জানিয়ে দেন যে, ধীরে ধীরে ছাঁটাই করার বদলে একবারেই এই কঠিন সিদ্ধান্তটি নেওয়ার পথ বেছে নিয়েছেন তিনি। তাঁর কথায়, ছোট ছোট দফায় যদি ছাঁটাই করা হয় তাহলে কর্মীদের মধ্যে অনিশ্চয়তা এবং অবিশ্বাস আরও বাড়ত।
তবে তিনি স্পষ্ট করে বলেছেন যে, এই পদক্ষেপটি আর্থিক দুরবস্থার কারণে নেওয়া হয়নি। সংস্থার ব্যবসা মজবুত, গ্রস প্রফিট বাড়ছে এবং লাভের হারও উন্নতির দিকে বলে দাবি করেছেন তিনি। ডরসির মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক টুলস এবং ছোট, ফ্ল্যাট টিম কাঠামো ভবিষ্যতের কাজের ধরনগুলি বদলে দিচ্ছে। সেই বদলের সাথেই নিজেদের মানিয়ে নেওয়ার জন্য এই বিরাট রদবদল।
ছাঁটাই হওয়া কর্মীদের জন্য মোটা সেভারেন্স প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ২০ সপ্তাহের বেতন থেকে শুরু করে চাকরির মেয়াদ অনুযায়ী অতিরিক্ত এক সপ্তাহের বেতন, মে মাসের শেষ পর্যন্ত ইক্যুইটি ভেস্টিং(Equity vesting), ছয় মাসের স্বাস্থ্যবিমা, অফিস ডিভাইস রেখে দেওয়ার সুযোগ এবং ট্রানজিশনের জন্য ৫ হাজার ডলার দেওয়া হবে। বিভিন্ন দেশে প্যাকেজে কিছু কিছু তারতম্য থাকবে।
ডরসি আরও জানিয়েছেন যে, যাঁরা থাকছেন, তাঁদের নিয়ে সংস্থাকে নতুন করে গড়া হবে। কাজের ধরন, প্রোডাক্ট তৈরি থেকে গ্রাহক পরিষেবা পর্যন্ত সমস্ত ক্ষেত্রেই বুদ্ধিমত্তা-ভিত্তিক সিস্টেমকে অগ্রাধিকার দেওয়া হবে।
উল্লেখ্য, ব্লকের অধীনে রয়েছে স্কোয়ার এবং ক্যাশ অ্যাপের মতো প্ল্যাটফর্ম। চলতি বছরে ফিনটেক দুনিয়ায় এটিই অন্যতম বড় কর্মী ছাঁটাই বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications