একদিকে ডিএ-ঋণের বোঝা, অন্যদিকে কর্মসংস্থান-উন্নয়নের প্রতিশ্রুতি, কোনপথে বাজেটে দিশা দেশাবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত?
পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ইতিহাসে সোমবারের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমবার রাজ্যে ক্ষমতায় এসে নিজেদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ করতে চলেছে নতুন বিজেপি সরকার। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের সামনে একদিকে যেমন রয়েছে কয়েক লক্ষ কোটি টাকার বিপুল ঋণের বোঝা, অন্যদিকে রয়েছে ভোটের মুখে দেওয়া একগুচ্ছ প্রতিশ্রুতি পূরণের চ্যালেঞ্জ।
বাংলার ঋণের বোঝা এই নতুন অর্থবর্ষের শেষে ৮.১৫ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এই ঋণের বিপুল সুদ মেটাতেই প্রতি বছর খরচ হচ্ছে প্রচুর টাকা। রাজ্যের বর্তমান মাথাপিছু ঋণ ৭০,৬৫৩ টাকা। রাজ্যের মোট জিএসডিপির নিরিখে ঋণের অনুপাত ৩৮ শতাংশ, যা দেশের বড় রাজ্যগুলির মধ্যে সর্বাধিক।

এই চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেই এদিন সোমবার প্রথম বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি নিজেও বলেছেন, বিপুল ঋণের বোঝা সামনে রাজ্যকে দিশা দেখানোই তাঁর বা সরকারের কাছে চ্যালেঞ্জ। সেইমতোই বাজেটে দিশা থাকবে।
ফলে শিল্প থেকে জনকল্যাণমূলক প্রকল্প, ডিএ থেকে রাস্তা, পর্যটন, আইনশৃঙ্খলা - সবকিছু নিয়েই বাজেটে নতুন কোন দিশা থাকে তা গুরুত্বপূর্ণ হতে চলেছে।
উত্তরবঙ্গের দিকে বিশেষ নজর দেওার পরিকল্পনা রয়েছে সরকারের। উত্তরবঙ্গে পর্যটনের পাশাপাশি ভারী শিল্প, উন্নত যোগাযোগ ব্যবস্থা, কৃষিভিত্তিক শিল্প তৈরির পথে হাঁটতে পারে সরকার।
এর পাশাপাশি মাটি, বালি, পাথর, কয়লার বেআইনি খনন রুখে রাজস্ব বৃদ্ধির পথে এগোতে চায় রাজ্য সরকার। এর পাশাপাশি সরকারি শূন্য পদে নিয়োগ, তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের কীভাবে সুযোগ সরকার ঠিক করতে পারে, তাই দেখার।












Click it and Unblock the Notifications