শুভেন্দু সরকারের প্রথম বাজেটে নজর থাকবে কোন কোন দিকে?
সকলের নজর নতুন নির্বাচিত রাজ্য সরকারের প্রথম বাজেটের দিকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকারের এই প্রথম বাজেট নিয়ে জনসাধারণের প্রত্যাশার পারদ তুঙ্গে। দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক ও অর্থনৈতিক গতানুগতিকতার পরে এই বাজেট কোন দিশা নির্দেশ করে তা দেখার জন্য মুখিয়ে আমজনতা থেকে অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সরকারকে বাজেট সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী মোদীর পাঠানো চিঠিতে পশ্চিমবঙ্গের জন্য প্রায় ৬০ হাজার কোটি টাকার বিশাল অঙ্কের আর্থিক বরাদ্দের রূপরেখা প্রস্তুত হওয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রের এই বিপুল সাহায্য রাজ্যের ঝুলে থাকা উন্নয়নমূলক প্রকল্প, রেল পরিকাঠামোর সম্প্রসারণ এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যে জানানো হয়েছে যে, জল জীবন মিশনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পানীয় জল প্রকল্প এবং অন্যান্য বৃহত্তর পরিকাঠামো উন্নয়নের জন্য ইতিমধ্যে প্রায় ৪০ হাজার কোটি টাকা রাজ্যকে বরাদ্দ করা হয়েছে। এছাড়া ভারতীয় রেলের বিভিন্ন প্রকল্পের কাজের গতি বাড়াতে অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকার সংস্থান করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন থমকে থাকা নানা গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের কাজ গতি পাবে বলে আশা করা যাচ্ছে।
প্রধানমন্ত্রীর চিঠিতে বিশেষভাবে মৎস্যচাষ বৃদ্ধি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের আধুনিকীকরণ, সমুদ্র বন্দরভিত্তিক ব্লু ইকোনমির উন্নয়ন, বস্ত্রশিল্পের পুনরুজ্জীবন এবং দ্রুত বর্ধনশীল ডিজিটাল অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর জোর দেওয়া হয়েছে। কলকাতার ঐতিহ্য বজায় রেখে একে এশিয়ার অন্যতম আধুনিক ও প্রধান বাণিজ্যিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও মোদীর দেওয়া চিঠিতে রয়েছে।
ঘটনা হল, রাজকোষের ঘাটতি সামলে ডিএ থেকে শুরু করে বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প কীভাবে রাজ্য সরকার এগিয়ে নিয়ে যায়, সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications