গণনার আগের দিন কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেলেন রেখা পাত্র
আগামী কাল মঙ্গলবার গোটা দেশে লোকসভা নির্বাচনের ভোট গণনা। বসিরহাট কেন্দ্রেও ভোট গণনা। তাই নিয়ে শেষ প্রস্তুতি চলছে কলকাতা হাইকোর্টে। শেষ মুহূর্তে বড় স্বস্তি পেলেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ করতে পারবে না। কলকাতা হাইকোর্ট এই কথা জানিয়েছে।
গণনার আগে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখা পাত্র। পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও কড়া ভূমিকা নিতে পারে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হতে পারে। এমনকী গ্রেফতারির আশঙ্কাও করছিলেন তিনি।

সেই হিসেবে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রেখা। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হয় সোমবার। বিচারপতি রেখাকে রক্ষাকবচ দিলেন। আগামী ৫ জুলাই পর্যন্ত রেখার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ প্রশাসন।
আইনজীবী বিল্বদল ভট্টাচার্য রেখার হয়ে এদিন আদালতে সওয়াল করেন। আইনজীবী বিল্বদল ভট্টাচার্যের আবেদন, রেখা সংগ্রামী মহিলা। গণনার আগে ফের তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে পুলিশ। এর আগে মিথ্যা অভিযোগ করে এমন ধারা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
গণনার দিনেও তাঁর বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ করতে পারে। সেই আশঙ্কা করে আদালতের দ্বারস্থ হয়েছেন রেখা। সওয়ালের প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা এই রক্ষাকবচ দিয়েছেন।
অন্য একটি মামলাতেও রেখা পাত্র কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। পুলিশ তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে। এই দাবি করা হয়েছিল। সেখানেও স্বস্তি পেয়েছিলেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল, ১৪ জুন পর্যন্ত পুলিশ রেখা পাত্রের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না।
ভোটপর্ব মিটতেই ফের উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালি। গ্রামের মহিলারা পুলিশের রাস্তা আটকেছে। মহিলাদের সঙ্গে পুলিশের বিবাদও হয়। সেই ঘটনার প্রেক্ষিতে পুলিশ এখনও অবধি ১২ জনকে পাকড়াও করেছে বলে খবর।












Click it and Unblock the Notifications