HC On Suvendu: শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারবে পুলিশ, নির্দেশ হাইকোর্টের, রক্ষাকবচে প্রশ্ন
Panchayat Election 2023: কলকাতা হাইকোর্টে অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারীর। তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগের প্রেক্ষিতে যাতে এফআইআর দায়ের করার অনুমতি মেলে, সেজন্য আদালতের দ্বারস্থ হন এক আইনজীবী।
কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় নির্দেশ দিলেন, শুভেন্দুর বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করতে পারবে। তবে আদালতকে না জানিয়ে কড়া পদক্ষেপ করতে পারবে না।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস থেকে শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ পাওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যদিও শুভেন্দুর পাল্টা দাবি ছিল, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা হওয়াতেই রক্ষাকবচ। যাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত চ্যালেঞ্জ করেও লাভবান হতে পারেনি তৃণমূল। যদিও আজ ফের হাইকোর্টে উঠল সেই রক্ষাকবতের প্রসঙ্গ।
আইনজীবী সুমন সিং জনস্বার্থ মামলা দায়ের করে আদালতকে জানান, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত জানুয়ারি মাস থেকে ৮ জুলাই পর্যন্ত নানা উস্কানিমূলক কথা বলেছেন। সেই উস্কানিতে অনেক অশান্তির ঘটনা ঘটেছে। ভোট-পরবর্তী হিংসাতেও তাঁর মন্তব্যের প্রভাব ছিল। কিন্তু পুলিশ এফআইআর নিচ্ছে না শুভেন্দুর রক্ষাকবচ থাকায়।

শুভেন্দুর আইনজীবী শ্রীজীব চক্রবর্তী বলেন, ব্যক্তিগত সমস্যা হলে জনস্বার্থ মামলা কেন? শুভেন্দু অধিকারী ২০২১ সালের সেপ্টেম্বর মাসে রক্ষাকবচ পেয়েছেন। তখন তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ২৬টি মামলা হয়েছিল। ৫ হাজার টাকা ছিনতাইয়ের মামলা পর্যন্ত দেওয়া হয়। সব অভিযোগ খারিজ হয়েছে। রক্ষাকবচের মান্যতা মিলেছে সুপ্রিম কোর্টেও।
যদিও বিচারপতি আইপি মুখোপাধ্যায় জানিয়ে দেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে না। ৩৬১ ধারা কেবল প্রযোজ্য রাষ্ট্রপতি ও রাজ্যপালের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা দায়ের করতে গেলে। এ ক্ষেত্রে সে ধরনের রায় দেওয়া ঠিক হবে না। তবে অভিযোগ খতিয়ে দেখতে হবে।

আদালতের নির্দেশ, বিরোধী দলনেতাকে হেনস্থা করতেই যেন শুধু এফআইআর দায়ের না হয়। পুলিশ তার ক্ষমতা প্রয়োগ করতে পারে। সচেতনভাবে যে কোনও অভিযোগ খতিয়ে দেখবে পুলিশ। যদি অভিযোগের সত্যতা থাকে এফআইআর দায়ের করতে সমস্যা নেই। এই জনস্বার্থ মামলার ক্ষেত্রে অভিযোগ খতিয়ে দেখে পুলিশ রিপোর্ট তৈরি করে ডিজিকে পাঠাবেয
ডিজি সেই রিপোর্ট দেখে আদালতে রিপোর্ট জমা দেবেন বলেই জানিয়েছেন বিচারপতি। যদি আদালত অনুমতি দেয় সেই ক্ষেত্রেই শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা যাবে।












Click it and Unblock the Notifications