মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করল শুভেন্দুর সরকার
রাজ্যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের পর এবার মাদ্রাসাতেও প্রার্থনার সময় 'বন্দে মাতরম' গাওয়া বাধ্যতামূলক করল শুভেন্দু অধিকারীর সরকার। মাদ্রাসা শিক্ষা দফতরের অনুমোদনের পর এই মর্মে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এর ফলে রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত ও স্বীকৃত মাদ্রাসায় সকালের প্রার্থনা সভায় রাষ্ট্রগীত গাওয়া আবশ্যক। পুরনো সমস্ত নিয়ম বাতিল করে দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত সপ্তাহে বিধানসভায় সাংবাদিকদের জানান, "আগামী সোমবার থেকেই সমস্ত স্কুলে বন্দে মাতরম বাধ্যতামূলক করা হবে।" এই ঘোষণার পরই শিক্ষাদফতর থেকে বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই অনুযায়ী, সরকারি ও সরকার-পোষিত বিদ্যালয়গুলিতে পঠনপাঠন শুরুর আগে থেকেই এই রাষ্ট্রগীত পরিবেশন করা হচ্ছে। এবার এই একই নিয়ম মাদ্রাসার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

এই নির্দেশিকা জারির পর অবশ্য কিছুটা বিতর্ক দেখা দেয়। তবে সেই বিতর্ক উড়িয়ে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "বিকৃত ইতিহাসকে বদলের এটাই সঠিক সময়।" তিনি আরও জানান, কেন্দ্র সরকারের নির্দেশ থাকা সত্ত্বেও পূর্ববর্তী সরকার এই পদক্ষেপ কার্যকর করেনি। এখন সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরা হবে বলে ওই বিজেপি নেতা উল্লেখ করেন।
মাদ্রাসায় প্রার্থনার সময় 'বন্দে মাতরম' গাওয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বঙ্গ বিজেপি। সরকারের জারি করা বিজ্ঞপ্তিটি নিজেদের অফিসিয়াল সমাজমাধ্যমে পোস্ট করে বিজেপি লিখেছে, "এই সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে এক ও অভিন্ন নিয়ম প্রতিষ্ঠার বার্তা দিচ্ছে। আর তুষ্টিকরণ নয় বরং সবার জন্য সমান নীতি প্রযোজ্য।" এই মন্তব্যের মাধ্যমে তারা সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরে।












Click it and Unblock the Notifications