Opinion Poll: লোকসভা নির্বাচনে বাংলায় কে ক’টি আসন পাবে এখন ভোট হলে, আভাস সমীক্ষায়
পঞ্চায়েত নির্বাচনে শেষ। বাংলায় এবার লোকসভা নির্বাচন নিয়ে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচনের দামামা বেজে যাবে। এই অবস্থায় আলোচনা এখনই যদি লোকসভা নির্বাচন হয়, বাংলায় কে জিতবে কতগুলি আসনে। শুধু আলোচনাই নয়, শুরু হয়ে গিয়েছে জনমত সমীক্ষাও।
সম্প্রতি সিএনএক্সের যে জনমত সমীক্ষার রিপোর্ট সামনে এসেছে, তাতেই স্পষ্ট জানানো হয়েছে, কোন দল এবার কাকে টেক্কা দিতে পারে। কোন দল কতগুলি আসন পেতে পারে তার আভাস দিয়েছে এই সমীক্ষা। ২০১৯-এ বিজেপি যে জাদু দেখিয়েছিল বাংলায়, ২ থেকে বেড়ে ১৮টি আসন লাভ করেছিল, এবার তারা তা ধরে রাখতে পারবে কি না, তা নিয়েও উঠেছে প্রশ্ন।

সিএনএক্সের জনমত সমীক্ষায় আভাস, বাংলায় নিজের দুর্গ ধরে রাখতে সফল হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গতবারের থেকেও বেশি আসন পেতে পারে তারা। বিজেপির আসন কমার আভাস মিলেছে এই সমীক্ষায়। কংগ্রেস কি খাতা খুলতে পারবে, আর বামেরা? তারও আভাস দিয়েছে সমীক্ষা।
২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে আসন প্রাপ্তির ব্যবধান বাড়াতে পারে তৃণমূল। ২০১৯-এ বিজেপি যে লড়াই দিয়েছিল এবার সেই লড়াই দিতে পারবে না বলেই আভাস মিলেছে সিএনএক্সের সমীক্ষায়। বিজেপি এবার অনেকগুলি আসন হারাতে পারে বলে মনে করছেন সমীক্ষকরা।
ইন্ডিয়া টিভি-সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে ২৯টি আসন। আর বিজেপিকে সন্তুষ্ট থাকতে হবে ১২টি আসন নিয়ে। কংগ্রেস পেতে পারে একটি আসন। বামেদের ঝুলি এবারও শূন্য থাকবে বলে আভাস মিলেছে এই সমীক্ষায়। অর্থাৎ তৃণমূল তাঁদের প্রাপ্তি ২০১৯-এর তুলনায় বাড়াতে পারে সাতটি।
আর বিজেপির আসন সংখ্যা কমতে পারে ছ-টি। কংগ্রেস একটি আসন হারাতে পারে। বিজেপি যেখানে ৩৫ আসনের লক্ষ্য নিয়ে এবার এগোচ্ছে সেখানে আসন সংখ্যা এক-তৃতীয়াংশ কমে যেতে পারে বলে আভাস। তৃণমূল সেখানে ফের ৩০-এর দোরগোড়ায় নিয়ে যেতে পারে তাদের আসন সংখ্যা।

ইন্ডিয়া টিভি-সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী বাংলার লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৪৮ শতাংশ ভোট। বিজেপি ৩৭ শতাংশ ভোট পাবে। বামফ্রন্ট মাত্র ৫ শতাংশ এবং কংগ্রেস ৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান থাকবে বলে এই জনমত সমীক্ষা আভাস দিয়েছে।
এখানে উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল ২২টি আসনে জয়ী হয়েছিল। বিজেপি জিতেছিল ১৮টি আসনে। আর কংগ্রেস পেয়েছিল দুটি আসন। বামেরা একটি আসনেও জয়লাভ করতে পারেনি। তবে ২০২১-এ বিজেপি সেইমতো ফলাফল করতে পারেনি। এবার তারা ২০টির বেশি আসনে জয়ের লক্ষ্যমাত্রা রেখেছে।












Click it and Unblock the Notifications