প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও পাহাড়ে পর্যটকদের ভিড়, জানালেন ট্যুর অপারেটররা
প্রতিকূল আবহাওয়া এবং ভূমিধসের কারণে দার্জিলিং, কালিম্পং এবং ডুয়ার্সের যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হলেও বিপুল সংখ্যক পর্যটকের আসা লেগেই রয়েছে। এদিন সোমবার ট্যুর অপারেটররা এই তথ্য জানিয়েছেন।
পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন কর্পোরেশন (WBTDC)-এর হোটেল ও লজগুলির রুম ভর্তির হিসাব অনুযায়ী, ভূমিধসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিছু এলাকা ছাড়া দার্জিলিং ও কালিম্পংয়ে বুকিং বাতিলের ঘটনা প্রায় ঘটেনি।

তবে, নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ায় বনাঞ্চলে ঘেরা ডুয়ার্স এবং তরাই অঞ্চলে হোটেল ও হোমস্টে বুকিং বাতিলের হার বেশি বলে আধিকারিকেরা জানিয়েছেন।
অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অফ ট্যুরিজমের আহ্বায়ক রাজ বসু শিলিগুড়ি থেকে পিটিআইকে ফোনে বলেছেন, "আমরা ভেবেছিলাম বুকিং ব্যাপক বাতিল হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হল- আজও পর্যটকরা আসছেন।"
দুর্গাপুজো থেকে দিওয়ালি পর্যন্ত উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলি পর্যটকে ভর্তি থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং রাজ্যের অভ্যন্তর থেকেও মানুষ এই স্থানগুলিতে ঘুরতে আসেন।
আধিকারিকেরা জানিয়েছেন, দার্জিলিং এবং কালিম্পং জেলায় যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে পুনরুদ্ধার করা হচ্ছে। একজন কর্মকর্তা বলেছেন, দার্জিলিং থেকে এনএইচ-৫৫ হয়ে যান চলাচল করছে, আর কার্শিয়ং থেকে শিলিগুড়ি পর্যন্ত পাংখাংবাড়ি রোড খোলা আছে। বিভিন্ন স্থান থেকে শিলিগুড়িতে পৌঁছনোর পর কিছু ট্রেকিং দল দার্জিলিং পাহাড়ের সর্বোচ্চ স্থান সান্দাকফুর উদ্দেশে রওনা দিয়েছে।
জানা গিয়েছে যে, দার্জিলিং জেলার মিরিক, বিজনবাড়ি এবং সুখিয়ার হোটেল ও হোমস্টেগুলিতে বুকিং বাতিল হয়েছে। কারণ এই স্থানগুলি ভূমিধস ও বন্যার শিকার হয়েছে। আটকে পড়া পর্যটকদের সহায়তার জন্য রাজ্য সরকার শিলিগুড়ি থেকে কলকাতা সহ বিভিন্ন গন্তব্যে বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা করেছে।
পশ্চিমবঙ্গ পুলিশ দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স এবং তরাই অঞ্চলে আটকে পড়া পর্যটকদের জন্য একটি হেল্পলাইন (9147889078) চালু করেছে।












Click it and Unblock the Notifications