Mamata Banerjee: মমতা ফের যাচ্ছেন উত্তরবঙ্গে, মুখ্যমন্ত্রীর সফরসূচি জানানোর ক্ষেত্রে বিরাট পরিবর্তন
Mamata Banerjee: ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নের তরফে এ কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরসূচি জানানোর ক্ষেত্রেও এবার থেকে বড় পরিবর্তন আনা হলো।
১১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর অবধি মুখ্যমন্ত্রীর সফরসূচি ও কর্মসূচির কথা এদিন নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সেখানেই উল্লেখ করা হয়েছে পদ্ধতিতে বদল আনার পরিকল্পনার কারণ।

নবান্ন কভার করা সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই এবার থেকে মুখ্যমন্ত্রীর যাবতীয় সফরসূচি আগেভাগেই জানিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের একাংশে মুখ্যমন্ত্রীর সফরসূচি নিয়ে বিভ্রান্তিকর ও ভুল তথ্য পরিবেশন যাতে না হয় সে কারণেই এই পদক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী ১১ নভেম্বর রাতে দার্জিলিংয়ে পৌঁছে যাবেন বলে নবান্ন জানিয়েছে। ১২ নভেম্বর বিকেল সাড়ে তিনটেয় তিনি জিটিএ সদস্য ও বিভিন্ন ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করবেন। উল্লেখ্য, পাহাড়ে সরকারি পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খতিয়ান নিতে পারেন মুখ্যমন্ত্রী।
১৩ নভেম্বর বিকেল তিনটেয় দার্জিলিং চৌরাস্তায় সরস মেলা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ওই দিন রাজ্যে উপনির্বাচনও রয়েছে। উত্তরবঙ্গের সিতাই, মাদারিহাটে উপনির্বাচন হবে। সেদিন অবশ্য মুখ্যমন্ত্রী থাকছেন দার্জিলিংয়েই। ২ দিন দার্জিলিংয়ে কাটিয়ে ১৪ নভেম্বর মুখ্যমন্ত্রী শিলিগুড়ি ফিরবেন।
এবার বীরসা মুণ্ডার দেড়শোতম জন্মবার্ষিকী। এই উপলক্ষে রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। ১৫ নভেম্বর মুখ্যমন্ত্রী রাজারহাটের আদিবাসী ভবনে বীরসা মুণ্ডা দিবসের অনুষ্ঠানে যোগদান করবেন। ১৫ থেকে ২১ নভেম্বর রাজ্যের সমস্ত জেলায় বীরসা মুণ্ডার দেড়শোতম জন্মবার্ষিকী উদযাপনের নানাবিধ সরকারি অনুষ্ঠান হবে।












Click it and Unblock the Notifications