রাজ্য কমিটি ঢেলে সাজাতে ২৯-এ বৈঠক বঙ্গ-বিজেপির, হতে পারে বড় ঘোষণা
বিধানসভা নির্বাচনে রাজ্যে অনেক আসন বাড়লেও ক্ষমতায় আসতে পারেনি বিজেপি৷ রাজ্যজুড়ে কর্মী সমর্থকদের মার খাওয়া ও ঘরছাড়া হওয়া এবং নেতা, এমএলএদের দলত্যাগ করে তৃণমূলে ফেরায় জেরবার গেরুয়া শিবির। এমত অবস্থায় বঙ্গ-বিজেপিতে পরিবর্তনের দাবি উঠছে ২রা মে থেকেই৷
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক বিজেপি নেতাই জানিয়েছে, দলে পরিবর্তন অবশ্যম্ভাবী। সেই পরিবর্তনের জন্যই এবার বঙ্গ বিজেপির রাজ্য কমিটির নেতাদের নিয়ে মিটিংয়ে বসতে চলেছে বিজেপি।

কবে কোথায় হবে মিটিং
বিজেপি সূত্রের খবর চলতি মাসের ২৯ তারিখ হেস্টিংসে বঙ্গ বিজেপির এক্সিকিউটিভ কমিটির মিটিং হবে। মিটিংয়ের চিঠি পৌঁছে গিয়েছে রাজ্য কমিটির সদস্যদের কাছে৷ ভোটের আগে হেস্টিংসে ঝাঁচকচকে অফিস নিয়েছে বিজেপি। যেখানে অডিটোরিয়াম থেকে ক্যান্টিন সবই মজুত রয়েছে। একুশের ভোটের পর এই প্রথমবার হেস্টিংসে মিটিংয়ে বসতে চলেছে বিজেপি৷

কারা থাকবেন এই মিটিং?
সূত্রের খবর সমস্ত রাজ্য কমিটির সদস্যরা থাকবেন এই মিটিংয়ে। পাশাপাশি এবার জেলার ক্ষোভ ও অভাব অভিযোগের কথা শোনার জন্য জেলা সভাপতিদের অনেকেই যোগ দেবেন এই মিটিংয়ে। জানা গিয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমেই জেলা নেতারা যোগ দেবেন এই মিটিংয়ে৷ বঙ্গ-বিজেপির রাজ্য কমিটিদের সদস্যরা ছাড়াও বিজেপি থিংট্যাংকের নেতারাও উপস্থিত থাকবেন এই মিটিংয়ে৷ জেলা স্তরে ফলাফলের উপর সংঘের তৈরি রিপোর্ট নিয়ে উপস্থিত থাকতে পারেন সংঘ ঘনিষ্ট কয়েকজন বিজেপি নেতা।

কেন এই মিটিং?
বিজেপি নেতাদের বক্তব্য, এই রকম সাংগঠনিক মিটিং প্রতি রাজ্যে প্রতি মাসে হয়ে থাকে। একুশের ভোট ও করোনা সংক্রমণের কারণে এ রাজ্যে তা করা সম্ভব হয়নি। একুশের ফলাফল থেকে রাজ্য বিজেপি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে সে সব আলোচনার জন্যই মূলত এই মিটিং।
পাশাপাশি রাজ্যে বিজেপির কর্মী সমর্থকদের আক্রমণ ঠেকাতে কী উপায় নেওয়া হবে তারও আলোচনা হবে এই মিটিংয়ে।
কিন্তু এই দুটি বিষয় ছাড়াও এলটি গুরুত্বপূর্ণ কারণে এই মিটিং বলে বিজেপি সূত্রে খবর। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতার কথায় এই মিটিংয়ের পরই বড় ঘোষণা হবে৷ কী সেই বড় ঘোষণা? যদিও এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন বিজেপি নেতা। তবে বিজেপি সূত্রে খবর রাজ্য কমিটিতে বড়সড় রদ বদল করতে চলেছে বিজেপি। সে নিয়ে আলোচনা করার জন্যই মূলত এই মিটিং৷ মুকুল পুত্র শুভ্রাংশু, ও চাণক্য ঘনিষ্ট ঘনিষ্ট সব্যসাচীদের রাজ্য কমিটিতে জায়গা দিয়েছিল বিজেপি৷ তারা তৃণমূলে যাওয়া কিংবা বেসুরো হওয়াতে অবশ্যম্ভাবীভাবে তাদের জায়গাতে নতুন মুখ নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। ২৯ জুনের মিটিংয়েই বঙ্গ-বিজেপিতে বড় রকমের রদবদল হতে চলেছে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশও৷












Click it and Unblock the Notifications