Babul On Dilip: দিলীপ ঘোষ বিজেপির সেবা করে ঝুনঝুনি পেলেন, অনুপম হাজরা জোকার! কটাক্ষ বাবুল সুপ্রিয়র
Babul On Dilip: দিলীপ ঘোষকে সর্বভারতীয় সহ সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছে বিজেপি। তবে অনুপম হাজরাকে রেখে দেওয়া হয়েছে দলের জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে। দিলীপকে কেন্দ্রীয় মন্ত্রী করা হবে কিনা তা নিয়ে চলছে জল্পনা।
দিলীপ ঘোষ থেকে রাজ্য বিজেপি সহ সভাপতি সুকান্ত মজুমদার, দুজনেই সংবাদমাধ্যমে বলেছেন, লোকসভা ভোটের আগে জয়ী সাংসদরা যাতে নিজের এলাকায় বেশি সময় দিতে পারেন সেই জন্যই এই পদক্ষেপ। যদিও কটাক্ষ করতে ছাড়েননি বাবুল সুপ্রিয়।

আজ তিনি টুইটে দিলীপ ঘোষকে The-Lip Of Bengal বলে উল্লেখ করেন। বিভিন্ন বিষয়ে দিলীপ গরমাগরম বিবৃতি দেন। তাই তাঁর নামটিকে দুটি ইংরেজি শব্দে ভেঙে দিলীপের ঠোঁট (বা মুখ) যে আজ বন্ধ হয়ে গিয়েছে বা তাঁকে চুপ করিয়ে দেওয়া হয়েছে সেটা বোঝাতেই কটাক্ষে বিঁধেছেন বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়ে মন্ত্রী হওয়া বাবুল।
টুইটে বাবুল লেখেন, নিজের ওষুধের স্বাদ এবার উনি পেলেন। দলকে এত বছর ধরে সেবা করার জন্য ঝুনঝুনি হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। হয়তো এবার তিনি বুঝবেন কেন আমি কষ্টার্জিত সাংসদ পদ ওদের মুখের উপর ছুড়ে বেরিয়ে এসেছি। যদিও দিলীপ তাঁকে আসানসোলে হারিয়ে দেওয়ার জন্য সবরকম চেষ্টা করেছিলেন বলেও দাবি বাবুলের।

বাবুল এখানেই না থেমে লিখেছেন, বিজেপি বাঙালি-বিদ্বেষী। এই গদ্দার পার্টির কাছে বাঙালিদের কোনও গুরুত্ব নেই। বাংলা থেকে এই দলের এখন একজনই প্রতিনিধি রইলেন যিনি সত্যিকারের জোকার। অনুপমের নাম না নিলেও তাঁর ইঙ্গিত যে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকেরই দিকে তা বুঝতে অসুবিধা হয়নি রাজনৈতিক মহলের।
দিলীপের ঝুনঝুনি-প্রাপ্তিকে নিজের খুশি গোপন না রেখে বাবুল লিখেছেন, সিধু হলে বলতেন ঠোকো! দিলীপ খড়গপুর আসন থেকে পরের লোকসভা ভোটে জিততে পারবেন না বলেও নিশ্চিত বাবুল। কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হলে দিলীপ যাতে মন্ত্রী হন তার জন্য শুভেচ্ছাও জানিয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী। বিধায়ক ও সাংসদ হিসেবে দিলীপের রিপোর্ট কার্ড খুবই খারাপ বলে দাবি বাবুলের।

বাবুল সুপ্রিয় আরও লিখেছেন, কাজ করতে না দেওয়ার ছুতো দেওয়া যাবে না। আমিও রাজ্যে বিরোধী রাজনৈতিক দলের সাংসদ হিসেবে কাজ করেছি। প্রথমবারের চেয়েও প্রিয় আসানসোলে তিনগুণ বেশি মানুষের ভালোবাসা ও আশীর্বাদ পেয়ে জিতেছি। এটা মনের মণিকোঠায় থাকবে। এভাবেই দিলীপকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাবুল।
বাবুলের টুইট ভাইরাল হতে প্রতিক্রিয়া আসে বিজেপির। সে ব্যাপারে বাবুল ফের টুইটে লেখেন, পড়লাম আমার টুইটের জবাবে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, উনি বিজেপির কে? দল কাকে কোথায় রাখবে সেটা নিয়ে মন্তব্য করারই বা কে উনি? আমি বলি, শমীকবাবু, আপনি তো মুখপাত্র, সব কিছুতেই অনেকে মন্তব্য করতে হয়।
বাবুল লেখেন, বিজেপি-র ইতিহাসটা একটু ঝালিয়ে নিন। আপনি সেখানে জায়গা পাবেন কিনা জানি না। কিন্তু আমি হয়তো পাবো! শ্যামাপ্রসাদ মূখার্জীর পর coalition-ছাড়া বাংলায় স্বাধীনভাবে লড়া বিজেপির আমিই প্রথম সাংসদ! ১৯৫২-র পর ২০১৪-তে আমিই সেই! অন্য দল থেকে সব Maha(রাষ্ট্র)-চোরগুলোকে washing Machine-এ ঢোকাতে ঢোকাতে সব ভুলে যাচ্ছেন। আর জোকার-হাজরার কথার জবাব আমি কোনও দিনই দিই না।












Click it and Unblock the Notifications