বহরমপুর থেকে TMC প্রার্থী ইউসুফ পাঠান! মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন অধীর চৌধুরীর, দিলেন উপদেশ
Adhir Chowdhury: তৃণমূল কংগ্রেস বহরমপুরে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান-সহ ৪২ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তৃণমূলের এই প্রার্থী তালিকা প্রকাশের পরে বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। তিনি বলেছেন, যদি তিনি ইউসুফ পাঠানকে সম্মান জানাতে চাইতেন, তাহলে তাঁকে রাজ্যসভায় পাঠাতেন।
অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ইউসুপ পাঠানকে নিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাল উদ্দেশ্য থাকত, তাহলে তিনি ইন্ডিয়া ব্লকের কাছে ইউসুফ পাঠানের জন্য গুজরাতে একটি আসন চাইতে পারতেন। কিন্তু পশ্চিমবঙ্গে তাঁকে প্রার্থী করা হয়েছে, সাধারণ মানুষের মধ্যে মেরুকরণ করতে এবং বিজেপিকে সাহায্য করতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য কংগ্রেসকে পরাজিত করা, বলেছেন তিনি।

তৃণমূল কংগ্রেস এদিন লোকসভা নির্বাচনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। যেখানে বর্তমানে গুজরাতের বাসিন্দা ও প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে বহরমপুর থেকে প্রার্থী করার কথা ঘোষণা করেছে। অন্যদিকে বহরমপুর আসনটি এই মুহূর্তে কংগ্রেসের অধীন চৌধুরীর হাতে রয়েছে।
অধীর চৌধুরী ১৯৯৯ সাল থেকে ওই আসনে নির্বাচন হয়ে আসছেন। তিনি পরপর পাঁচবার অর্থাৎ ১৯৯৯, ২০০৪, ২০০৯, ২০১৪ ও ২০১৯-এ নির্বাচিত হয়েছেন। ২০১৪ সালে ইউপিএ বিরোধী হাওয়া এবং ২০১৯-এ মোদী হাওয়াও তাঁর আসনকে টলাতে পারেনি।
অধীর চৌধুরী এদিন বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন, ভারতের কোনও রাজনৈতিক দলের তাঁর মতো (মমতা বন্দ্যোপাধ্যায়) নেতাকে বিশ্বাস করা উচিত নয়। তিনি কটাক্ষ করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করছেন, তিনি যদি ইন্ডিয়া ব্লকে থাকেন, তাহলে প্রধানমন্ত্রী অসন্তুষ্ট হবেন। তাই তিনি ইন্ডিয়া ব্লক থেকে নিজেকে আলাদা করতে বার্তা দিচ্ছেন।
অধীর চৌধুরী তৃণমূলের বিরুদ্ধে বরাবরই সোচ্চার। ইন্ডিয়া ব্লক গঠনের পরেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে গিয়েছেন। যা নিয়ে তীব্র বিরোধিতা করেছে তৃণমূল। বর্তমানে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট না হওয়া নিয়ে অধীর চৌধুরীকে দায়ী করেছে পশ্চিমবঙ্গের শাসকদল। তারা যে কোনও মূল্যে অধীর চৌধুরীকে হারাতে চায়। তৃণমূল সূত্রে খবর, ইউসুফ পাঠানকে তৃণমূলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দলের বিধায়ক মনোজ তিওয়ারি। এছাড়াও তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেরও ভূমিকা রয়েছে। কেননা তিনিও গুজরাতের বাসিন্দা।
এই পরিস্থিতিতে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালের একদিনের বিশ্বকাপ জেতা ভারতীয় দলের সদস্য ইউসুপ পাঠান বহরমপুর আসনে অধীর চৌধুরীকে কতটা চ্যালেঞ্জ জানাতে পারেন এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications