রাফায়েল নাদাল অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিতে ধাক্কা খেলেন, অবসর প্রসঙ্গে বিঁধলেন সাংবাদিকদের
নোভাক জকোভিচ ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন। এবার জোকার যদি অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতে নেন তবে তিনি ২২তম গ্র্যান্ড স্ল্যাম জয় নিশ্চিত করে ধরে ফেলবেন রাফায়েল নাদালকে। নাদালের নতুন টেনিস মরশুমের শুরুটা অবশ্য ভালো হলো না। যদিও তাতে মনোবল অটুটই রয়েছে রাফার।

এই প্রথম তিনি হেরে গেলেন ক্যামেরন নরির কাছে। ইউনাইেড কাপ মিক্সড টিম টুর্নামেন্টে নরির বিরুদ্ধে এদিন পারস্পরিক পঞ্চম সাক্ষাতে কোর্টে নেমেছিলেন রাফা। প্রথম সেটটি জিতেও নেন। যদিও শেষ অবধি নরি ৩-৬, ৬-৩, ৬-৪ ব্যবধানে জিতে যান। এই ম্যাচের শেষে নাদাল সাংবাদিকদের বলেন, আমি ম্যাচটি হেরে গিয়েছি। প্রত্যেকবার যখন কোনও ম্যাচ হেরে সাংবাদিক সম্মেলনে আসি তখন মনে হয় যেন আমাকে অবসর ঘোষণা করতে হবে। আপনারা আমার অবসর নিয়েই বেশি আগ্রহী। সেটা নয় কি?
এরপর রাফা অবসরের সম্ভাবনা উড়িয়ে বলেন, যখন সময় আসবে আমি সকলকেই জানিয়ে দেব। ফলে অবসর নিয়ে ভাবনাচিন্তা করার দরকার নেই। কারণ, আমি এসেছি টেনিস খেলার জন্যই। আমি ভালো খেলতে পারি। সেটা দকারও। নরি এই ম্যাচের দুই দিন আগেই একটি ম্যাচ খেলেছেন। সেটা তাঁর ক্ষেত্রে সহায়ক হয়েছে। যদিও ভুলত্রুটি শুধরে ঘুরে দাঁড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী নাদাল। নাদালের কথায়, অস্ট্রেলিয়ান ওপেন শুরু হতে এখনও দুই সপ্তাহ দেরি। ফলে নিজের খেলার উন্নতি ঘটানোর পর্যাপ্ত সময় রয়েছে।
উল্লেখ্য, গত বছর নাদাল অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন খেতাব জিতেছিলেন। তবে জুলাইয়ে উইম্বলডনের পর থেকে চারটির বেশি ইভেন্টে নামতে পারেননি। পায়ের পাতা, পাঁজর ও পেটের পেশীর চোট তাঁকে ভোগাচ্ছিল। নাদাল এবার নামবেন অস্ট্রেলিয়ান ওপেন খেতাব দখলে রাখার লক্ষ্যে। ২০২২ সালে অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন হওয়ার আগে তিনি আর একবারই এই খেতাব জিতেছেন, সেটা ২০০৯ সালে। নাদাল দুবার অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জেতার পাশাপাশি ফরাসি ওপেন জিতেছেন ১৪ বার, উইম্বলডন ২ বার এবং ইউএস ওপেন ৪ বার।












Click it and Unblock the Notifications