Paris Olympics 2024: নাদালের অলিম্পিক্স অভিযান শেষ! সিঙ্গলসে বিরাট কীর্তি জকোভিচের, আলকারাজের ম্যাচ কখন?
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে রাফায়েল নাদালের অভিযান শেষ। নোভাক জকোভিচের কাছে হেরে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছিলেন সিঙ্গলস থেকে।
কার্লোস আলকারাজের সঙ্গে জুটি বেঁধে ডাবলস পদকের স্বপ্নও অধরাই থেকে গেল রাফার। তবে উপভোগ্য দ্বৈরথ হতে চলেছে সিঙ্গলসে। প্রথম প্লেয়ার হিসেবে বিরাট কীর্তি গড়লেন নোভাক জকোভিচ।

২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক জকোভিচের আগে কেউ অলিম্পিক্সে চারবার কোয়ার্টার খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি। আজ রাত সাড়ে ১০টা থেকে তিনি কোয়ার্টার ফাইনালে নামবেন স্তেফানোস সিটসিপাসের বিরুদ্ধে।
জকোভিচ ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছিলেন। তাছাড়া আর কখনও অলিম্পিক্স পদক পাননি। তিনি শেষ আটে গেলেন ডমিনিক কপফারকে ৭-৫, ৬-৩ সেটে হারিয়ে। প্যারিসের গরম সামলানো যে বড় চ্যালেঞ্জ হচ্ছে তা জানাতে ভোলেননি জকোভিচ।
পুরুষদের ডাবলস কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল রাফায়েল নাদাল ও কার্লোস আলকারাজ জুটি। স্প্যানিয়ার্ড তারকাদের হারাল চতুর্থ বাছাই অস্টিন ক্রাজিচেক ও রাজীব রাম জুটি। মার্কিন জুটির পক্ষে খেলার ফল ৬-২, ৬-৪।
নাদাল ২২টির মধ্যে ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন প্যারিস। তবে অলিম্পিক্সের আসর থেকে তাঁকে প্যারিস ফেরাল খালি হাতেই। নাদাল ২০০৮ সালে অলিম্পিক্সে সোনা জেতেন, এরপর ২০১৬ সালে ডাবলসে সোনা জেতেন মার্ক লোপেজকে সঙ্গী করে।
নাদাল অবশ্য প্যারিসে আর কোর্টে ফেরার নিশ্চয়তা দেননি। তিনি জানিয়েছেন, অলিম্পিক্সের পরই নিজের কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে ঠিক করেছেন। অলিম্পিক্স অভিযান শেষ। এবার বাড়ি ফিরে পর্যালোচনা করবেন কতটা ইচ্ছা ও শক্তি অবশিষ্ট রয়েছে। তবে প্যারিস থেকে যা ভালোবাসা সমর্থন পেয়েছেন তা ভোলার নয় বলেও জানান নাদাল।
আজ পুরুষদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে জকোভিচের ম্যাচ ছাড়াও নজর থাকবে কার্লোস আলকারাজের ম্যাচের দিকে। কোয়ার্টার ফাইনালে ভারতীয় সময় বিকেল তিনটে থেকে খেলবেন মার্কিন যুক্তরাষ্ট্রের টমি পলের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications