বাঁকুড়ার বিজেপি বিধায়ককে মারবেন তৃণমূল নেতা? মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য
রাজ্যজুড়ে আরজি কর কাণ্ডে চলছে রাজনৈতিক তরজা। শাসক দল তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ চলছে বিভিন্ন জায়গায়। বিজেপি আসরে নেমে পড়েছে। আর সেখান থেকেই চলছে রাজনৈতিক চাপানউতোড়৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা - কর্মীদের 'ফোঁস' করতে বলেছিলেন। আর তারপরই সামনে এল বিজেপি বিধায়ককে পেটানোর হুমকি।
প্রকাশ্য প্রতিবাদ সভায় বিজেপি বিধায়ককে মারার হুমকি দেওয়া হচ্ছে। সৌজন্যে তৃণমূল নেতা। বাঁকুড়ার ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে মারধরের হুমকি দেওয়া হচ্ছে। আর সেই হুমকি দিচ্ছেন কোতলপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ নন্দিগ্রামী। এই নিয়ে ক্রমে উত্তপ্ত হচ্ছে লালমাটির রাজনীতি।

"আমি ব্লক সভাপতি হিসেবে আইন হাতে তুলে নিয়ে বলছি। বিধায়ক অমরনাথ শাখা আপনার এলাকায় গেলে ব্যারিকেড করে রাখুন। আমার এলাকা দিয়ে গেলে আমি তাঁকে মারবো মারবো মারবো।" এমনই বিতর্কিত ও উস্কানিমূলক বক্তব্য রেখে বিতর্কে জড়ালেন কোতলপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ নন্দিগ্রামী।
কোতলপুরে দলের এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই কথা বলেন। খোদ শাসক দলের নেতা তিনি। এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা কীভাবে ঘোষণা করতে পারেন তরুন নন্দিগ্রামী? তাই নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে কোতলপুরে। এই বক্তব্যের কড়া জবাব দিয়েছে বিজেপিও।
উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় ছাত্র সমাবেশে ফোঁস করার নিদান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর তার পর থেকেই যেন বেলাগাম মন্তব্যের ঝড় বইছে তৃণমূলের বিভিন্ন মঞ্চ থেকে। আরজি কর কাণ্ডে দোষীদের বিচার চেয়ে গতকাল বাঁকুড়ার কোতুলপুর ট্যাক্সি স্ট্যান্ডে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল।
সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কোতলপুর ব্লক সভাপতি তরুণ নন্দিগ্রামী বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক বক্তব্য রাখেন। অমরনাথ শাখার পুরানো একটি বিতর্কিত বক্তব্যের রেশ টানেন তরুণ নন্দিগ্রামী। তিনি বলেন, " মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের রাজনৈতিক মা।তিনি বলেন আমাদের মায়ের অপমান মানছি না, মানব না।
এই বক্তব্যের কড়া জবাব দিয়েছে বিজেপি। বিজেপির কটাক্ষ, যেমন দল, তার তেমনই ব্লক সভাপতি। তাদের কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। বিধায়ক অমরনাথ শাখার পাল্টা হুঁশিয়ারি, যদি কিছু করার থাকে তাহলে আগে করে দেখান ওই ব্লক সভাপতি। প্রয়োজনে তাঁর ঘরে গিয়েও তিনি মারবার অনুরোধ করবেন।












Click it and Unblock the Notifications