Bishnupur Lok Sabha Election 2024: প্রাক্তনের লড়াই দেখবে বাংলা! সৌমিত্রের বিরুদ্ধে সুজাতাই তাস অভিষেকের
Bishnupur Lok Sabha Election 2024: গত লোকসভা নির্বাচনে 'স্বামী' সৌমিত্র খাঁ'য়ের জয় নিশ্চিত করতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন 'স্ত্রী' সুজাতা খাঁ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঘুরে যায় খেলা। কিছুদিনের মধ্যেই তৃণমূলে যোগ দেন তিনি। এরপর থেকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন সৌমিত্র খাঁ এবং সুজাতা মন্ডল। যা ডিভোর্স পর্যন্ত গড়ায়।
এবার প্রাক্তন স্বামীর 'পাড়ায়' প্রাক্তন স্ত্রীকেই প্রার্থী করল তৃণমূল। অর্থাৎ সুজাতা মন্ডলকে আগামী লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র (Bishnupur Lok Sabha Election 2024) থেকে প্রার্থী করা হল।

লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি। তার আগেই লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করে কার্যত চমক দিয়েছে বিজেপি। যার মধ্যে বাংলার ২০ টি আসন রয়েছে। আর এই ২০ টি আসনের মধ্যে রয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। যেখানে এবারও সৌমিত্র খাঁ'কেই প্রার্থী করা হয়েছে। নাম ঘোষণার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন এলাকার বিদায়ী সাংসদ। এবং বিপুল ভোটে জয়ের ইঙ্গিত দিয়েছেন তিনি। যদিও নোংরা লোক বলে তীব্র কটাক্ষ ছুঁড়ে দেন প্রাক্তন স্ত্রী সুজাতা। এবার সৌমিত্রের বিরুদ্ধে সেই সুজাতাকেই 'শিখণ্ডী' করলেন অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়।
বলে রাখা প্রয়োজন, ২০১১ সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে কোতুলপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রসের হয়ে বিধায়ক নির্বাচিত হন। যদিও পরে ২০১৩ সালে মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দিতা করে জেতেন ও প্রথমবার লোকসভায় যাওয়ার ছাড়পত্র আদায় করে নেন। পরে ২০১৯ সালের লোকসভা ভোটের আগে ফের দলবদল।
সেই মুকুল রায়ের হাত ধরেই বিজেপিতে যোগদান ও ভোটে বিজেপির হয়ে নিজের পূরাণো কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দিতা করেন এবং ৭৮ হাজারেরও বেশী ভোটে জয়ী হন।
২০১৯ এর লোকসভা নির্বাচনে নিজের নির্বাচনী এলাকার একটা বড় অংশে তিনি প্রচারের সুযোগ পাননি। একটি মামলার জেরে আদালতের নির্দেশে বাঁকুড়া জেলায় তাঁর প্রবেশে নিষেধাজ্ঞা জারি ছিল। সেই সময় তাঁর হয়ে নির্বাচনী প্রচার চালিয়েছেন স্ত্রী সুজাতা মণ্ডল। যদিও পরে স্ত্রী সুজাতা তৃণমূলে যোগদান করলে দু'জনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় ও তা বিবাহ বিচ্ছেদের পর্যায়ে পৌঁছায়।
সুজাতা ২০১৯ এর লোকসভা ভোটে সৌমিত্রের হয়ে প্রচার দিয়ে রাজনৈতিক জীবন শুরু। যদিও পরে কুণাল ঘোষের হাত ধরে তৃণমূলে যোগদান। এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রথম নির্বাচনী যুদ্ধে অংশগ্রহণ। বর্তমানে বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ। নাম ঘোষণার পরেই পেশায় শিক্ষক সুজাতা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ের দাবি জানিয়েছেন।












Click it and Unblock the Notifications