বর্ধমান - দুর্গাপুরে কীর্তি আজাদের সমর্থনে দেবের প্রচার, তিন ঘণ্টা ধরে অপেক্ষা মানুষের
রাস্তার দু'ধারে কাতারে কাতারে মানুষ। কেবল একবার তাঁকে দেখার জন্য অপেক্ষা করে রয়েছে। গতকাল প্রবল বৃষ্টি ঝড় কালবৈশাখী হয়েছিল। সেই কারণে রোড শো বাতিল হয়ে যায়। আজ ফের সেই রোড শো হল বর্ধমান - দুর্গাপুরে। দেবকে দেখার জন্য উৎসাহিত মানুষ অপেক্ষা করল দীর্ঘক্ষণ।
বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। দেব ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন। কিন্তু তিনি যে তারকা প্রচারক। সেই কারণে তৃণমূল নেতৃত্ব তাঁকে একাধিক লোকসভা কেন্দ্রে প্রচারের দায়িত্ব দিয়েছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, একের পর এক রোড শো, মিছিল করে চলেছেন।

আজ শুক্রবার তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে রোড শো করলেন দেব। এদিন দুপুরে রোড শো শুরু হয় দুর্গাপুরে। দুর্গাপুর স্টিল টাউনশিপের নিউটন জেসি বোস রোটারি থেকে রঘুনাথপুর সম্মেলনী ময়দান পর্যন্ত রোড শো হয়। রোড শোতে দেবের সঙ্গে মন্ত্রী প্রদীপ মজুমদার, প্রার্থী কীর্তি আজাদ ছিলেন। হুড খোলা গাড়িতে চড়ে রোড শো হয়। প্রায় ২ কিলোমিটার চলে এই রোড শো।
রাস্তার দু'পাশে দেব ভক্তদের ব্যাপক ভিড় হয় দেবকে দেখার অপেক্ষায়। রোড শো শুরু হওয়ার তিন ঘন্টা আগে থেকে দেবভক্তরা অপেক্ষা করেছে। গতকাল প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই এলাকায় দেবের রোড শো বাতিল হয়েছিল। আজ দুপুরের পর থেকেই সাধারণ মানুষ দেবের জন্য অপেক্ষা করেছে।
কিশোরী, তরুণী থেকে বিভিন্ন বয়সের মহিলারা, উৎসাহিত যুবকদের হইহই লেগে যায় দেবকে দেখার জন্য। দেবকে ফুল দেওয়ার ঢল পড়ে যায়। কিছু ক্ষেত্রে দেব হাত বাড়িয়ে ফুলের বুকে গ্রহণ করেছেন। কীর্তি আজাদকে জেতাতে হবে বিপুল ভোটে। সেই দাবিও রেখেছেন দেব।












Click it and Unblock the Notifications