আলিপুরদুয়ারে কেন বাদ পড়লেন জন বার্লা? মনোজ টিগ্গাকে ভরসা বিজেপির?
প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। রাজ্যের ২০ জন প্রার্থীর নাম রয়েছে সেই তালিকায়। চা বলয়ে প্রার্থী বদল করল গেরুয়া শিবির। জন বার্লার উপর ভরসা রাখা গেল না এবারে। লোকসভা নির্বাচনে লড়াই করবেন মনোজ টিগ্গা।
আলিপুরদুয়ার কেন্দ্র থেকে মনোজ টিগ্গা লড়াই করবেন। গতবার এই কেন্দ্রে জয়লাভ করেছিল বিজেপি। বিশাল ভোটের ব্যবধান ছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে। জন বার্লা বিপুল জন সমর্থন পেয়ে নির্বাচিত হয়েছিলেন লোকসভা ভোটে। তাহলে কেন তিনি টিকিট পেলেন না? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরূপ নজরে পড়লেন জন বার্লা? কিন্তু কেন হল? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ওয়াকিবহাল মহলের মত জন বার্লার একাধিক বক্তব্য ভালো নজরে নেয়নি গেরুয়া বাহিনী। সে কারণেই বাদ পড়তে হল তাকে।
একসময় জন বার্লা বাংলা ভাগের কথা বলেছিলেন। উত্তরবঙ্গের সেন্টিমেন্ট জুড়ে রয়েছে বাংলা ভাগের সঙ্গে। উত্তরবঙ্গকে পৃথক রাজ্য হিসেবে এই দাবি করেছিলেন তিনি। তাই নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে।
তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তীব্র ক্ষোভ দেখানো হয়। প্রকাশ্যে না বললেও বঙ্গ বিজেপি সেই বিষয়ে যথেষ্ট সমস্যায় পড়েছিল। এমনই মত দলের অন্দরে। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা বাংলা ভাগের পক্ষে নন। ওই বক্তব্য সাংসদের নিজস্ব চিন্তার ফসল। এমনই দাবি করা হয়েছিল বঙ্গ বিজেপির পক্ষ থেকে।
আলিপুরদুয়ারের চা বাগান মানুষের সমর্থন ছিল। কিন্তু উন্নয়ন নিয়ে সেভাবে বিজেপি সাংসদকে বক্তব্য রাখতে দেখা যায়নি। মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন তিনি? সেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। বিভিন্ন মহল থেকে চাপ তৈরি হচ্ছিল। চা বলয়ে তাকে নিয়ে যথেষ্ট ক্ষোভ দেখা দিয়েছিল।
এদিকে গত বিধানসভা নির্বাচনে মনোজ টিগ্গা উত্তরবঙ্গ থেকে জিতে আসেন। তিনি এখন বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের সচেতক। বিধানসভায় যথেষ্ট পরিচিত মুখ। রাজ্যে রাজনীতিতে মনোজের যথেষ্ট প্রভাব রয়েছে। উত্তরবঙ্গের রাজনীতিতেও তিনি মানুষের সমর্থন পাচ্ছেন বলে খবর। শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপি নেতৃত্বের কাছেও মনোজ টিগ্গা নির্ভরযোগ্য নাম।
আলিপুরদুয়ার কেন্দ্রটি হাতছাড়া করতে চাইছে না বিজেপি। আরও বেশি সমর্থন মানুষের কাছ থেকে গেরুয়া শিবির চাইছে। সে কারণেই মনোজ টিগ্গাকে প্রার্থী করা হল। এমন অনুমান করছে ওয়াকিবহাল মহলের একাংশ। বিভিন্ন সময়ে বিরূপ মন্তব্যের কারণে এবার টিকিট পেলেন না জন বার্লা?
যদিও বিজেপির অন্দর থেকে এই বিষয় নিয়ে কোনও কথা বলা হয়নি। আলিপুরদুয়ার কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা তেমন বক্তব্য রাখেননি। দল তাকে দায়িত্ব দিয়েছে। সেটি তিনি পালন করবেন। এমনই বক্তব্য মনোজের।












Click it and Unblock the Notifications