Malda: দুলাল খুনের ১২ দিনের মাথায় ফের শুটআউট, কালিয়াচকে 'গোষ্ঠীদ্বন্দ্বের জেরে' ৩ তৃণমূল নেতাকে গুলি; মৃত ১
TMC leaders Shot at Malda: মালদহে তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ১২ দিনের ব্যবধানে ফের শুটআউট। এবারে মালদহের কালিয়াচকে গুলিবিদ্ধ হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি-সহ তিন। জানা গিয়েছে, কালিয়াচকের নয়াবস্তি এলাকায় রাস্তার শিলান্যাস করতে গিয়ে গুলিবিদ্ধ হন তৃণমূলের নওদা যদুপুর অঞ্চল সভাপতি বকুল শেখ।
নয়াবস্তি এলাকায় প্রকাশ্য দিবালোকে শুটআউটের ঘটনা ঘটে। মৃত্যু হয়েছে গুলিবিদ্ধ হয়ে আহত হাসা শেখ নামে এক তৃণমূল কর্মীর। গুলিবিদ্ধ হয়েছেন অপর এক তৃণমূল কর্মী এসারুদ্দিন শেখও। সূত্রের খবর, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেশকিছুটা দূরে দলের নেতাকর্মীদের সঙ্গেই রাস্তার কাজের উদ্বোধন করতে গিয়েছিলেন তৃণমূল নেতা বকুল শেখ।

তখনই মোটর বাইকে চড়ে এসে তৃণমূলের অঞ্চল সভাপতি-সহ ৩ জনকে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। তড়িঘড়ি গুরুতর জখম অবস্থায় বাকি ২ জনকে নিয়ে আসা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জানা গিয়েছে, জখম তৃণমূলের অঞ্চল সভাপতির অবস্থা আশঙ্কাজনক।
রীতিমতো রেইকি করে খুন করা হয়েছিল ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে। সেই হত্যাকাণ্ডে এখনও সব অভিযুক্ত ধরা পড়েনি। তার ১২ দিন পেরোতে না পেরোতেই এবার মালদহেরই কালিয়াচকে তৃণমূলের অঞ্চল সভাপতি গুলিতে ঝাঁঝরা হলেন। কে বা কারা এসে সাতসকালে গুলি চালাল, সবটা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে এলাকা কর্ডন করে রেখেছে পুলিশ।
গুলি লেগে রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তৃণমূলের অঞ্চল সভাপতি। স্থানীয় তৃণমূল কর্মী জাকির শেখের বিরুদ্ধে গুলি চালনার অভিযোগ। দাঁড়িয়ে থেকে তৃণমূলের অঞ্চল সভাপতিকে জাকির শেখ একাধিক গুলি ছোড়ে বলে অভিযোগ। জাকিরের সঙ্গে আরও চার পাঁচ জন ছিল বলে দাবি। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই গুলি চলে বলে অভিযোগ।
স্থানীয় তৃণমূল নেতা জাকির শেখ কিছুদিন আগেই তৃণমূলে যোগদান করে বলে জানা যায়। এদিকে তৃণমূলের পুরোনো কর্মী গোকুল শেখ। তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই গুলি চলেছে বলে অভিযোগ। আহত অপর এক তৃণমূল কর্মী বলেন, "তৃণমূলের কিছু লোক কাজে বাধা দিচ্ছে। জাকিরের সঙ্গে ৫-৬ জন ছিল। বন্দুক, লাঠি নিয়ে এসেছিল তারা।"
জাকিরের সঙ্গে বকুলের পুরোনো বিবাদ ছিল বলে সূত্রের খবর। বছরের শুরুতেই পরপর গুলি মালদহে। আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি লক্ষ্য করা গিয়েছে মালদহে। দুলাল সরকার খুনে সরাসরি পুলিশকে নিশানা করেছিলেন পুলিশমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কয়েক দিন না পেরোতেই ফের গুলিবিদ্ধ তৃণমূল নেতা-সহ তিন জন।












Click it and Unblock the Notifications