জলপাইগুড়ির প্রত্যন্ত বাংলাদেশ সীমান্ত এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টোটো পরিষেবা
ভারত-বাংলাদেশ সীমান্ত। প্রত্যন্ত গ্রামীণ এলাকা।সেখানে মাধ্যমিক পরীক্ষা। ফলে যাতায়াতের মাধ্যম সেভাবে কিছুই পাওয়া যায় না। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবার বিশেষ উদ্যোগ নিল জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সীমান্ত এলাকায় পরীক্ষার্থীদের সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে ফ্রি টোটো পরিষেবা চালু হল। এই ঘটনা জলপাইগুড়ি জেলার। বাংলাদেশ সীমান্ত এলাকার কুকুরজান উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা পরীক্ষা দিচ্ছে। তাদের কেন্দ্র রয়েছে জলপাইগুড়ির সদর ব্লকের বাহাদুর ঠুটাপাকুরি হাইস্কুলে।

সীমান্ত এলাকায় যানবাহন তেমন পাওয়া যায় না। সকালের দিকে আরও সমস্যা। সেজন্য এগিয়ে এল ওই সংগঠন। প্রায় ৯ কিলোমিটার এই রাস্তা ফ্রি পরিষেবার মাধ্যমে দুস্থ ছাত্রদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার অনেক ছাত্রছাত্রী এবার পরীক্ষা দিচ্ছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের পরীক্ষার্থীদের যাতায়াতে কোনও সমস্যা যাতে না হয়। তাই ফ্রি টোটো পরিষেবা চালু করেন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
বৃহস্পতিবার সকালে এই পরিষেবা দেওয়া হয়েছে৷ পরীক্ষার প্রতিদিন এই পরিষেবা পাওয়া যাবে। এই পরিষেবা পাওয়ায় খুশি পরীক্ষার্থীরা। খুশি অভিভাবকরাও। পরীক্ষার্থীদের শুভেচ্ছা হিসেবে কলম দেওয়া হয়েছে।
অন্যদিকে, বাঁকুড়ায় অসুস্থ হয়ে হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিল এক মাধ্যমিক পরীক্ষার্থী। বড়জোড়ার পাহাড়পুর হাইস্কুলের সুনিতা শীট নামে ওই ছাত্রীর বড়জোড়া গার্লস হাইস্কুলে পরীক্ষা দেওয়ার কথা ছিল। শুক্রবার ডায়ারিয়ায় আক্রান্ত হয় সে। বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলে তার। সেখানেই বেডে বসে পরীক্ষা দেয় সে।
মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনা। আহত এক মাধ্যমিক পরীক্ষার্থী। শুক্রবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সাহুডাঙ্গি- আমবাড়ি রাজ্য সড়কের সাহুডাঙ্গি সংলগ্ন আমেতি মোড় এলাকায়। আহত মাধ্যমিক পরীক্ষার্থীর নাম ভিকি রায়। বাড়ি মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের শিমুলগুড়ি এলাকায় জানা যায়। রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications