সাত দফায় সাত অঙ্গ ভাঙা হবে বিজেপির, দার্জিলিংয়ের সভায় বললেন অভিষেক
সপ্ত অঙ্গ ভঙ্গ। সাত দফার ভোটে বিজেপির সাত অঙ্গ ভাঙা হবে। এই কথাই দার্জিলিংয়ের সভা থেকে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রতি কড়া বার্তা দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
কোনও হিংসা নয়। গণতান্ত্রিক প্রক্রিয়াতেই বিজেপির অঙ্গ ভাঙা হবে। এই কথা জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মঙ্গলবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে প্রচার করেন অভিষেক৷ মাটিগাড়া - নকশালবাড়িতে সভায় বক্তব্য রাখেন তিনি৷

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের একেক দফায় বিজেপির একেক অঙ্গ ভাঙব।" প্রথম দফার ভোট হয়ে গিয়েছে ১৯ তারিখ। আগামী ২৬ তারিখ দ্বিতীয় দফার ভোট রয়েছে রাজ্যে। দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট তিন কেন্দ্রে ভোট রয়েছে ওই দিন।
শেষ দফার প্রচারে এদিন দার্জিলিংয়ে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে আক্রমণাত্মক বক্তব্য রাখছিলেন তিনি। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের প্রতিও আক্রমণ করেন। তখনই তিনি বলেন, প্রত্যেক দফায় এক একটা অঙ্গ ভাঙা হবে।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপির মাথা ভেঙেছি। দ্বিতীয় দফায় কাঁধ, তৃতীয় দফায় কোমর।" কোন দফায় কোন অঙ্গ ভাঙা হবে? তাও বলে দেন তিনি। অভিষেক বলেন, " চতুর্থতে হাত, পঞ্চম দফায় পা, ষষ্ঠ বারে হাঁটু ও সপ্তম দফায় গোটা শরীর ভেঙে বল হরি, হরি বোল।"
কেন্দ্রের বঞ্চনার কথাও তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একশো দিনের কাজের পাওনা টাকা দিচ্ছে না কেন্দ্র৷ প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাও আটকে রেখেছে মোদী সরকার। এই কথা বলেন অভিষেক।
পাহাড়ে তৃণমূল প্রার্থী জিতলে আবাসের টাকা রাজ্য সরকার দেবে। চলতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। এই কথাও জানিয়ে দেন অভিষেক।












Click it and Unblock the Notifications