Ram Mandir Inauguration: শিলিগুড়ির মিছিলে হাঁটলেন বিধায়ক শঙ্কর ঘোষ, মালদায় পুজোয় সামিল খগেন মুর্মু
অবশেষে অপেক্ষার অবসান। অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হল। দেশজুড়ে পালিত হচ্ছে আজকের দিনটি। অযোধ্যা সহ সেজে উঠেছে সম্পূর্ণ দেশ, বাদ নেই শহর শিলিগুড়িও। সাজো সাজো রব শহর জুড়ে।
সোমবার অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে বর্ণাধ্য শোভাযাত্রার আয়োজন। এদিন শ্রী শ্যাম মন্দির থেকে শুরু হয় এই বর্ণাধ্য শোভাযাত্রা। শহরের একাধিক পথ দিয়ে অতিক্রম করে। শেষ হয় খালপাড়া হনুমান মন্দিরে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এই শোভাযাত্রায় পায়ে পা মেলান বহু মানুষ।

শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন, বিভিন্ন জায়গাতেই মিছিল বার হয়েছে। বহু মানুষ উচ্ছ্বসিত আজকের দিনে। এক নতুন যুগের সূচনা হচ্ছে দেশে। তিনিও একজন সাধারণ নাগরিক হিসেবে সামিল হয়েছেন।
সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের মালদা জেলাতেও উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে। পুরাতন মালদা পুরসভার এক নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ এলাকায় রাম মন্দির উদ্বোধন হল। মন্দিরকে কেন্দ্র করে সুসজ্জিত শোভাযাত্রা বের করলেন নবাবগঞ্জ এলাকার রাম ভক্তরা। এদিন এই শোভাযাত্রাকে কেন্দ্র করে ভক্তদের সমাগম দেখা মেলে চোখে পড়ার মতো।
এছাড়াও এই শোভাযাত্রায় পায়ে পা মেলান মহিলারাও। নিষ্ঠার সঙ্গে দিনটি উদযাপনে মেতে ওঠেন ভক্তরা। উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি ফিতে কাটেন। সাংসদ বলেন, পাঁচশো বছরের অপেক্ষার অবসান। বিশ্বের সব হিন্দুরা উচ্ছ্বসিত এই দিনের জন্য। সনাতনী হিন্দুদের মধ্যে আনন্দ, আবেগের মুহূর্ত।
বিধায়ক গোপাল চন্দ্র সাহা জানিয়েছেন, আজ আনন্দের দিন। অযোধ্যার পাশাপাশি উত্তর মালদা এলাকাতেও আনন্দে মেতে উঠেছেন মানুষ। এখানে একাধিক কর্মসূচি করা হয়েছে। রামভক্তরা এক জোট হয়েছেন।
নগর সংকীর্তন করা হয় সকালে। পুজোর আয়োজনও হয়েছে মহা ধুমধামে। সন্ধেবেলার পর এলাকা আলোয় ঝলমলে করে তোলার ব্যবস্থা হয়েছে। সাধারণ মানুষরা এদিন পুজোয় সামিল হয়েছেন। বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি বহু মানুষ এদিন উৎসবে সামিল হয়েছেন।












Click it and Unblock the Notifications