মালদহের হবিবপুরে ভোট বয়কটের পরেও আতঙ্ক, গ্রামে পুলিশের জুলুম, ধরপাকড়?
গ্রামবাসীরা ভোট বয়কটের ডাক দিয়েছিলেন।মালদার ভোটে রীতিমতো উত্তপ্ত হয়েছিল এলাকা। হবিবপুরের ওই এলাকায় জোর করে ভোট করানোর অভিযোগ ওঠে বিডিওর বিরুদ্ধে। পুলিশও গ্রামবাসীদের উপর চড়াও হয়েছিল।
সেই ঘটনার পর সাতদিন কেটে গিয়েছে। এখনও পরিস্থিতি উন্নত হয়নি। ভোট বয়কটের ঘটনার পর এখনও থমথমে মালদার হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর, রামকৃষ্ণপুর ও জগন্নাথপুর।

পুলিশ এলাকায় যাচ্ছে। গ্রামে গিয়ে ধরপাকড় চালানো হচ্ছে। গ্রামের পুরুষরা ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় পালিয়ে গিয়েছেন। এমনই অভিযোগ ওই সব এলাকার মহিলাদের। এই অভিযোগে এবার সরব হয়ে পথে নামলেন মহিলারা৷
পুলিশের ধরপাকড় এখনও অব্যাহত। পুরুষশূন্য গোটা গ্রাম। গ্রামের শান্তি ফিরে আসুক। পুলিশি অত্যাচার বন্ধ হোক। গ্রেফতার হওয়া গ্রামবাসীদের মুক্তি দেওয়া হোক। এই সমস্ত দাবি নিয়ে গ্রামের মহিলারা দ্বারস্থ হল জেলা প্রশাসনের।
এই মর্মে বুধবার দুপুরে ওই তিনটি গ্রামের মহিলারা সেতু মোড় থেকে মিছিল করেন। রীতিমতো প্ল্যাকার্ড, ব্যানার হাতে মিছিল করা হয়। মালদহ জেলা প্রশাসনিক ভবন চত্বরে জমায়েত হন তারা। এরপর জেলাশাসকের হাতে একটি দাবি সনদ তুলে দেন।
উল্লেখ্য রাস্তা এবং ব্রিজের দাবিতে মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের এই তিনটি গ্রামে ভোট বয়কট করেছিলেন গ্রামবাসীরা। ভোট বয়কট ঘিরে গত ৭ মে চরম উত্তেজনা ছড়িয়েছিল ওই এলাকায়। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ উঠেছিল।
ঘটনায় বেশ কয়েকজন মহিলা এবং পুলিশ কর্মী আহত হয়েছিল। গ্রামের মহিলাদের অভিযোগ, এরপর থেকে গ্রাম জুড়ে পুলিশি ধরপাকড় শুরু হয়। পুলিশের অত্যাচারে পুরুষশূন্য ওই তিনটি গ্রাম। এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাই আজ বুধবার তারা রাস্তায় নেমে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন।












Click it and Unblock the Notifications