চার পুরনিগমের ভোটের ফল জেনেই উত্তরবঙ্গ সফরে মমতা! সামনে এবার নতুন লক্ষ্য
চার পুরনিগমের ভোটের ফল জেনেই উত্তরবঙ্গ সফরে মমতা! সামনে এবার নতুন লক্ষ্য
কলকাতা নিয়ে পাঁচ পুরনিগমের ভোট হয়ে গিয়েছে। সামনে ১০৮ পুরসভার ভোট। কলকাতায় তৃণমূলের হাতে পর্যুদস্ত হয়েছে বিজেপি। এরপর সোমবার বাকি চার পুরনিগমের ফলাফল প্রকাশ হবে। যা গতিবিধি, ফলাফল উল্টনোর কোনও সম্ভাবনা সে অর্থে নেই। সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বের হচ্ছেন উত্তরবঙ্গ সফরে।

রাজ্যের ১০৮ পুরসভার ভোটের আগে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনন্ত মহারাজের আমন্ত্রণে সাড়া দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার যাচ্ছেন। সোমবার শিলিগুড়ি হয়ে কোচবিহারে যাবেন তিনি। সেখানে পরবর্তী প্রশাসনিক বৈঠক করার কথা মমতার। তারপর যোগ দেবেন অনুষ্ঠানে।
বুধবার গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসবেন কলকাতায়। ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশেনের ২৪তম কেন্দ্রীয় অধিবেশন শুরু হচ্ছে। ১৬ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে বড়সড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজ। মুখ্যমন্ত্রী সেই আমন্ত্রণ স্বীকার করেন। মুখ্যমন্ত্রী আসবেন, তাই তার আগে অনুষ্ঠান স্থল পরিদর্শন করেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। জেলাশাসক পবন নাদিয়ান ও পুলিশ সুপার সুমিত কুমারও পরিদর্শনে যান। মুখ্যমন্ত্রীর সফরের আগে নিরাপত্তা নিশ্ছিদ্র করতেই এই পরিদর্শন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার পুরনিগমে জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি মনে করেন তৃণমূলের জয় স্রেফ সময়ের অপেক্ষা। এখন সামনে আরও বড় লড়াই। এবার রাজ্যজুড়ে ১০৮টি পুরসভার ভোট। সেই ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রাজ্যের পুরভোটের আগে তৃণমূলে শুরু হয়েছিল কোন্দল। জেলায় জেলায় প্রার্থী বিক্ষোভ চরম আকার নিয়েছিল। এখন তা স্তিমিত অনেকটাই।
তবে তৃণমূলে যে সংকট তৈরি হয়েছে, তার শিকড় বহুদূর পর্যন্ত বিস্তৃত। তা কতটা নিয়্ন্ত্রণ করা সম্ভব হয়েছে, তা এখনই বোধগম্য হবে না। ২৪ ঘণ্টা আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। দলের জাতীয় কর্মসমিতি স্থির করার পাশাপাশি দলের অন্দরের নানা সংকট নিয়ে সেই বৈঠক হয়।
এই বৈঠকে তিনি জাতীয় কর্মসমিতিতে কারা থাকবেন তা বেছে নেন। পূর্বের সমস্ত পদাধিকারীদের পদবিলুপ্ত হয় এদিনের বৈঠকের সঙ্গে সঙ্গে। তিনি শীঘ্রই নতুন পদাধিকারীদের বেছে নেবেন বলেও জানিয়েছে তৃণমূল। দলের রাশ তাঁর হাতেই রয়েছে, সেই বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী এবার সরকারের কাছে মনোনিবেশ করে উত্তরবঙ্গ সফরে রওনা দেন।












Click it and Unblock the Notifications