Mamata Banerjee: প্রয়োজনে আমরা ফ্লাইট পাই না! ফুয়েল চার্জ নিয়ে বড় হুমকি মমতার
Mamata Banerjee: সপ্তাহের প্রথম দিন! কাজের ব্যস্ততা। এমন সময় বড়সড় দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ( Kanchenjunga Express accident) ধাক্কা মালগাড়ির। প্রবল ধাক্কায় একেবারে ৩০ ফুট উঁচুতে উঠে গেল এক্সপ্রেসের একটি কামরা। ঘটনার পর থেকেই কার্যত 'ময়দানে' নেমে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়।
ঘটনার পরেই প্রশাসনিক আধিকারিকদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। এমনকি তৎক্ষণাৎ ঘটনাস্থলে যাওয়ার কথা জানান প্রশাসনিক প্রধান (Mamata Banerjee)।

কিন্তু বিমান চেয়েও পাওয়া যায়নি। যা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, সকাল থেকে মনিটারিং করছি। কেন্দ্র খবর পাওয়ার আগে থেকে নজরদারি করা হচ্ছে। আধিকারিকরা পৌঁছে গিয়েছে। কিন্তু কেউ চার্টার ফ্লাইটে করে ঘুরতে যায়। অথচ আমরা প্রয়োজনে ফ্লাইট পাই না, তোপ প্রশাসনিক প্রধানের।
তাঁর কথায়, আমি আগেই যেতাম, কিন্তু ফ্লাইট পাইনি। বিমানের যে এমন দুর্দশা আমার জানা ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ১২টা ৪৯ মিনিটের পর উত্তরবঙ্গ যাওয়ার একটাও বিমান নেই। কী চলছে দেশে? এই বিষয়ে অসামরিক বিমানমন্ত্রককে একহাত নেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে কার্যত তাঁর হুঁশিয়ারি, আমরা ফুয়েল চার্জ ফ্রি করে দিয়েছিলাম। কিন্তু এই ঘটনার পর এবার ভাবব! যদিও এই বিষয়ে এখনও বিমান মন্ত্রকের তরফে কিছু জানানো হয়নি।
বলে রাখা প্রয়োজন, ওডিশার স্মৃতি ফের ফিরল সোমবার সকালে। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এখনও পর্যন্ত এই ঘটনায় সরকারি ভাবে ৮ জনের মৃত্যু হয়েছে। যদিও অসমর্থিত সূত্রে, ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনাস্থল পরিদর্শনে এলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। চার চাকার গাড়ি করে ঘটনাস্থলে পৌঁছাতে অসুবিধা হওয়ায় এক যুবকের বাইকে চেপেই তিনি সেখানে পৌঁছান। সেখানে গিয়ে দুর্ঘটনাস্থলে থাকা আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেন। সেই সঙ্গে দুর্ঘটনাস্থল ক্ষতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশ দেন।
দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেলমন্ত্রক। গুরুতর জখম যাত্রীদের আড়াই লক্ষ টাকা করে দেওয়া হবে। এছাড়া যাঁরা সামান্য জখম হয়েছেন তাঁদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। অন্যদিকে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন বলে খবর।
অন্যদিকে এদিনই পিএমও-র ট্যুইটে পোস্ট করে 'প্রাইম মিনিস্টারস ন্যাশনাল রিলিফ ফান্ড' থেকে মৃতদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।












Click it and Unblock the Notifications