বোমা তো আমরা ফাটাব! নাম না করে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানিয়ে আর কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
আগামী সপ্তাহের শুরুতেই বোম পড়বে, আর তাতে বেসামাল হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। শনিবার মালদহে এমনটাই মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এদিন দক্ষিণ দিনাজপুর থেকে তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বোমা ফাটাবে বলছে, আগে তো কালী পটকা ফাটিয়ে দেখাক। বোমা তো আমরা ফাটাব চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন করেছেন, পিএম কেয়ারের টাকা কোথায় গেল? সমাবেশে আগত জনগণের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, ১৫ লক্ষ টাকা করে পেয়েছেন?

কী বলেছিলেন শুভেন্দু?
শনিবার মালদহের রতুয়া শুভেন্দু অধিকারী বলেছিলেন, আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। সেই সপ্তাহের শুরুতে এমন একটা বোমা পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। ওরা কূল কিনারা পাবে না। তিনি আরও বলেছিলেন, রাজনৈতিক বিস্ফোরণের কথা বলছেন। অন্য কথা বলেননি। অপেক্ষা করুন ওর কী বলছি তা বুঝে নিন, বলেছিলেন তিনি।
মমতার চ্যালেঞ্জ
এদিন কুমারগঞ্জের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বোমা ফাটাবে বলছে, আগে কালী পটকা ফাটিয়ে দেখা! তিনি বলেন, বোমা তো তাঁরাই ফাটাবেন। তারপরেই তিনি প্রশ্ন করেন, পিএম কেয়ারের টাকা কোথায় গেল? ১৫ লক্ষ টাকা না হোক কেউ কি দুই লক্ষ কিংবা তিন লক্ষ টাকা করে পেয়েছেন, প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) হরিদাস পাল নন, তবে তিনি (নাম না করে শুভেন্দুর দিকে ইঙ্গিত) কি গুরুদাস পাল?
প্রধানমন্ত্রীকে নিশানা
মমতা বন্দ্যোপাধ্যায় এর পরেই প্রধানমন্ত্রীকে নিশানা করেন। তিনি বলেন, কোভিডে ভ্যাকসিনে প্রধানমন্ত্রীর ছবি। মুখ্যমন্ত্রীর প্রশ্ন কেন প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেন না? মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, কেন ভোটের মধ্যে দূরদর্শনের রং ভোটের মধ্যে গেরুয়া করে দেওয়া হল? শনিবারও প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী এব্যাপারে প্রশ্ন করেছিলেন। তারপরে তিনি নির্বাচন কমিশনের উদ্দেশে দাবি করে বলেছিলেন, অবিলম্বে পুরনো রং ফেরাতে পদক্ষেপ করতে হবে। কাশীতে পুলিশকে গেরুয়া পরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এনআরসি করতে দেব না
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ফের একবার এনআরসি প্রসঙ্গ উঠে এসেছে। তিনি বলেছেন, রাজ্যে এনআরসি প্রয়োগের দায়িত্ব রাজ্য সরকারের। সেখানে রাজ্য সরকার এনআরসি করতে দেবে না। এব্যাপারে তিনি বলেন, অসমে সিএএ করে সাড়ে উনিশ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে।












Click it and Unblock the Notifications