National Games 2025: যোগাসনে বাংলার সেরা সাফল্য জাতীয় গেমসে, বিওএ-র বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
National Games 2025: জাতীয় গেমসে যোগাসনে এবার বাজিমাত করল বাংলা। তিনটি সোনা ও একটি রুপো জিতেছেন বাংলার প্রতিযোগীরা।
আর সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখেই সামনে এলো গুরুতর বিতর্ক। বাংলার মুখ যাঁরা উজ্জ্বল করলেন তাঁদের প্রতি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের বঞ্চনা, উপেক্ষা, অসহযোগিতার গুরুতর অভিযোগ উঠল।

জাতীয় গেমসে ট্র্যাডিশনাল যোগাসনে সোনা জিতেছেন হুগলির হিন্দমোটরের ঋতু মণ্ডল, রুপো জিতেছেন পূর্ব বর্ধমানের পূর্ব সাতগেছিয়া গ্রামের সাথী মণ্ডল। রিদমিক পেয়ারে সাথী বর্ধমানের সর্বশ্রী মণ্ডলের সঙ্গে জিতেছেন সোনা। মুর্শিদাবাদের কান্দির শিল্পা দাস আর্টিস্টিক সিঙ্গলে জিতেছেন সোনা।
কিন্তু এই পদকজয়ী-সহ জাতীয় গেমসে যোগাসনে অংশ নেওয়া কোনও প্রতিযোগীই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে ন্যূনতম ট্র্যাক স্যুট পর্যন্ত পাননি। ট্রেনে যাতায়াতের টিকিটের ভাড়া পর্যন্ত কেউ পাননি। প্রতিযোগীদেরই টিকিট কাটতে হয়েছে।
উত্তরাখণ্ডে জাতীয় গেমসের আসরে ফোন করে জানা গেল, ২২টি রাজ্যের প্রতিযোগীরা যোগাসনে অংশ নিয়েছিলেন। একমাত্র বাংলার প্রতিযোগীরাই রাজ্য অলিম্পিক সংস্থার তরফে ট্র্যাক স্যুট পাননি। নেপথ্যে যোগাসন নিয়ে সংস্থার গোষ্ঠীদ্বন্দ্ব।
বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন স্বীকৃত সংস্থা পশ্চিমবঙ্গ যোগা অ্যাসোসিয়েশন (West Bengal Yoga Association)। সেখান থেকে কেউ জাতীয় গেমসে যেতে পারেননি। আবার সর্বভারতীয় যোগাসন ভারতের স্বীকৃত অল বেঙ্গল যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনকে স্বীকৃতি দেয়নি বিওএ। সেই সংস্থার প্রতিযোগীরাই উজ্জ্বল করলেন বাংলার মুখ।
জানা গিয়েছে, গত ১৭ জানুয়ারি বিওএ থেকে এই সংস্থাকে বলা হয় জাতীয় গেমসে অংশ নিতে চলা প্রতিযোগীদের ট্র্যাক স্যুটের প্রয়োজনীয় মাপ দিতে। বিকেলের মধ্যে তা পাঠিয়ে দেওয়া হয় বিওএ সহ সভাপতি গৌতম সিনহার কাছে, যিনি রাজ্য যোগা অ্যাসোসিয়েশনের পদাধিকারী ও বিওএতে প্রতিনিধিত্ব করেন।
পশ্চিমবঙ্গ যোগা অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, এই সংস্থাকে স্বীকৃতি দিয়ে ২০১৮ সালের ২৫ জুলাই চিঠি দিয়েছিলেন তৎকালীন বিওএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়। তাতে গৌতমকে সচিব করা হয়েছিল।
১৭ তারিখ ট্র্যাক স্যুটের প্রয়োজনীয় মাপের বিস্তারিত তথ্য দিয়ে অল বেঙ্গল যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশন বিওএকে চিঠি দেয়। সেটি যায় গৌতম সিনহার কাছে। ২৪ তারিখ সকলকে যখন ট্র্যাক স্যুট দেওয়া হচ্ছিল তখন দেখা যায় যোগাসনের কারও জন্য তা বরাদ্দ হয়নি। কারণ, মাপের তথ্যই জমা পড়েনি যথোপযুক্ত জায়গায়।
বুঝে নিতে অসুবিধা হচ্ছে না, যোগাসন সংস্থার টানাপোড়েনেই এই বিপত্তি। ফলে অল বেঙ্গল যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনই প্রতিযোগীদের ট্র্য়াক স্যুট দেয়। পদক গ্রহণের সময় অন্য়ান্য ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যোগাসনের ট্র্যাক স্য়ুটের ফারাক দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়।
কাল বাঘ এক্সপ্রেস ধরবেন পদকজয়ী-সহ যোগাসনে অংশগ্রহণকারীরা। কলকাতায় এসে পৌঁছবেন ৭ তারিখ। বিওএতে ঢাকঢোল পিটিয়ে নতুন কমিটি হলো। কিন্তু একের পর এক ঘটনা মুখ পোড়াচ্ছে বাংলারই।
তবে যোগাসনে অংশগ্রহণকারী থেকে ম্যানেজাররা সহযোগিতা পেয়েছেন শেফ দ্য মিশন বিশ্বরূপ দে-র থেকে। ওয়ানইন্ডিয়াকে বিশ্বরূপ দে জানিয়েছেন, ট্র্যাক স্যুট নিয়ে সমস্যা একটা হয়েছে। এটা বিওএ সভাপতি, সচিবরা ভালো বলতে পারবেন। আমার দায়িত্ব জাতীয় গেমসে সব কিছু ভালোভাবে সামলানো। আমি সেটা করছি। তবে এসি থ্রি টিয়ারের টিকিট জমা দিলে সকলেই সেই অর্থ পাবেন।
অল বেঙ্গল যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা নিশ্চিত নন পদক জেতার পরেও রাজ্য সরকার যে চাকরির আশ্বাস দিয়েছে তা সংস্থার টানাপোড়েনে বা বিওএ-র চক্ষুশূল হওয়ায় আটকে যাবে কিনা। যদিও বিশ্বরূপ দে তেমন আশঙ্কা উড়িয়েছেন। তিনি বলেছেন, কোনও পদকজয়ীকেই কোনও বৈষম্যের শিকার হতে হবে না।












Click it and Unblock the Notifications