Hockey India League: হকি ইন্ডিয়া লিগে এবার কলকাতার দল, শ্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্সের আত্মপ্রকাশে পেজ
Hockey India League: হকি ইন্ডিয়া লিগে এই প্রথম থাকছে বাংলার দল। প্রতিযোগিতার ষষ্ঠ সংস্করণ শুরু হবে ডিসেম্বর থেকে। চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত।
এর আগে পাঁচবার হকি ইন্ডিয়া লিগ হলেও তাতে কলকাতা তথা বাংলা থেকে কোনও দল ছিল না। পুরুষ ও মহিলা দুই বিভাগেই থাকছে কলকাতার দল শ্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্স।

আজ শ্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্সের আনুষ্ঠানিক ঘোষণায় হাজির ছিলেন বিশ্ব টেনিসের হল অব ফেমে জায়গা করে নেওয়া অলিম্পিক পদকজয়ী লিয়েন্ডার পেজ। ছিলেন শ্রাচী স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি প্রমুখ।
হকি ইন্ডিয়া আয়োজিত এই প্রতিযোগিতা ২০১৩ সালে শুরুর পর চলেছিল ২০১৭ অবধি। তারপর বন্ধ হয়ে যায়। টোকিওর পর প্যারিস অলিম্পিক্সে ভারতীয় হকি দল ব্রোঞ্জ জিতেছে। হকি তারকারা ২০২৮ সালের অলিম্পিক্সে পদকের রং বদলাতে মুখিয়ে। ভারতীয় হকির জনপ্রিয়তা বৃদ্ধি ও হকি খেলায় ছেলে-মেয়েদের আকৃষ্ট করতে ফের চালু করা হচ্ছে হকি ইন্ডিয়া লিগ।
হকি ইন্ডিয়া লিগে পুরুষদের বিভাগে থাকছে ৮টি দল, মহিলাদের বিভাগে ৬টি। পুরুষদের বেশিরভাগ খেলাগুলি হবে রৌরকেল্লায়, মহিলাদের রাঁচিতে। তবে মহিলাদের অন্তত একটি ম্যাচ দেওয়া হবে রৌরকেল্লায়, রাঁচিতে একটি করে ম্যাচ খেলতে হবে পুরুষদের ফ্র্যাঞ্চাইজিদের। এই টুর্নামেন্টের বিশেষত্ব হলো একইসঙ্গে চলবে পুরুষ ও মহিলা বিভাগের খেলা।
১০ বছরের জন্য এই টুর্নামেন্ট আয়োজনে ২৮ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি অবধি উইন্ডো দিয়েছে আন্তর্জাতিক হকি সংস্থা। অক্টোবরের ১৩ থেকে ১৫ তারিখ অবধি চলবে অকশন বা প্লেয়ারদের নিলাম। ৫০০ ভারতীয় ও ১৭৫ জন বিদেশি পুরুষদের লিগে দল পাওয়ার প্রত্যাশায় নাম লিখিয়েছেন। মহিলাদের বিভাগে ২৭৫ জন ভারতীয় ও ৭৫ জন বিদেশি নিজেদের নাম নথিভুক্ত করেছেন।
অকশনে প্লেয়ারদের বেস প্রাইস রয়েছে ২, ৫ ও ১০ লক্ষ টাকার। মহিলাদের ফাইনাল রাঁচিতে হবে ২৬ জানুয়ারি, পুরুষদের ফাইনাল রৌরকেল্লায় ১ ফেব্রুয়ারি।এই টুর্নামেন্টে কলকাতা ছাড়াও অংশ নিচ্ছে চেন্নাই, লখনউ, দিল্লি, ওডিশা, হায়দরাবাদ, রাঁচি ও পাঞ্জাবের দল।
হকি ইন্ডিয়া এই হকি ইন্ডিয়া লিগ ফেরানোর মতো ইতিবাচক পদক্ষেপ করায় সাধুবাদ জানিয়েছেন লিয়েন্ডার পেজ। শ্রাচী স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি আশাবাদী, পুরুষ ও মহিলা বিভাগে ভালো পারফরম্যান্সই উপহার দেবে শ্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্স। একইসঙ্গে উন্নতমানের পরিকাঠামোয় তারকাদের সঙ্গে খেলার সুযোগ পেয়ে ভারতের হকি প্লেয়াররাও নিজেদের সমৃদ্ধ করার বড় সুযোগ পেতে চলেছেন বলে জানান টোডি।












Click it and Unblock the Notifications