ধুন্ধুমার পরিস্থিতিতে পুলিশের লাঠিচার্জ, কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অচলের হুঁশিয়ারি শুভেন্দুর
কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাই কমিশনারের সঙ্গে সাক্ষাতের অনুমতি না পেলে তিনি কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অচল করে দেবেন। এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি এই সাক্ষাতের আবেদন জানিয়েছেন।

শুভেন্দু অধিকারী বলেন, "আমি একাই বৈঠকে যাব। তবে, সাক্ষাতের অনুমতি না মিললে ২৬ ডিসেম্বর থেকে বৃহত্তর আন্দোলন শুরু হবে। আমরা ভারতীয় ভূখণ্ডে এই ডেপুটি হাই কমিশনকে সচল থাকতে দেব না।"
পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে যাওয়া তাঁর 'হিন্দু হুঙ্কার পদযাত্রা' পুলিশ আটকে দিলে সংঘাত ছড়ায়। এরপর সাংবাদিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও অভিযোগ করেন, "আজ কলকাতায় যা ঘটেছে, তা প্রমাণ করে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের মুহাম্মদ ইউনূসের মধ্যে কোনও পার্থক্য নেই।"
বিজেপি নেতা দাবি করেন, পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন প্রতিবাদকারী আহত হন এবং এক মহিলাকে জরুরি বিভাগে নিয়ে যেতে হয়। তাঁর কথায়, "সাধু-সন্ত সহ নিরস্ত্র প্রতিবাদীদের ওপর বর্বর পুলিশি হামলা চালানো হয়েছে।"
অন্যদিকে, পুলিশ জানিয়েছে, ডেপুটি হাইকমিশনের কাছে ব্যারিকেড ভেঙে ঢুকতে চাওয়া বিক্ষোভকারীদের আটকাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে "বলপ্রয়োগ" করা হয়েছে।












Click it and Unblock the Notifications