প্রাথমিকে নিয়োগ পুজোর পরেই, বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের
রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সম্প্রতি ২০২৩ সালের প্রাথমিক টেট পরীক্ষার ফল ঘোষণার পরপরই ১৩ হাজার ৪২১টি শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা জানানো হয়েছে। দুর্গাপুজো শেষ হলেই আবেদন প্রক্রিয়া শুরু হবে বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে।
এদিন সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর 'এক্স’ হ্যান্ডেলে এই নিয়োগ সংক্রান্ত পোস্ট করেন। তারপরই পর্ষদ বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে আবেদন প্রক্রিয়া এবং নিয়োগের নিয়মাবলী সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণের পাশাপাশি অন্যান্য বিষয়কেও গুরুত্ব দেওয়া হবে। মোট ৫০ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে মাধ্যমিকের জন্য ৫ নম্বর, উচ্চ মাধ্যমিকের জন্য ১০ নম্বর, এনসিটিই প্রশিক্ষণ ১৫ নম্বর, শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) ৫ নম্বর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ৫ নম্বর, সাক্ষাৎকার ৫ নম্বর এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য ৫ নম্বর বরাদ্দ রয়েছে।
এছাড়া কর্মরত শিক্ষক-শিক্ষিকা এবং প্যারা টিচারদের ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্টের ৫ নম্বর সরাসরি যুক্ত হবে। প্রার্থীদের বয়স ১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে ৪০ বছরের বেশি হওয়া চলবে না।
বুধবার ২০২৩ সালের প্রাথমিক টেটের ফল প্রকাশিত হয়েছে, যেখানে ৬,৭৫৪ জন উত্তীর্ণ হয়েছেন। প্রথম দশে রয়েছেন ৬৪ জন পরীক্ষার্থী। যদিও এই পরীক্ষার জন্য মোট ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন আবেদন করেছিলেন এবং ২ লক্ষ ৭৩ হাজার ১৪৭ জন পরীক্ষা দিয়েছিলেন। পাশের হার ছিল ২.৪ শতাংশ।
দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া থমকে থাকায় ২০২২ সালের টেট উত্তীর্ণরা বুধবার বিক্ষোভ প্রদর্শন করেন এবং সাংসদ সৌগত রায়কে ঘেরাও করে রাখেন। ২১ মাস পর ২০২৩ সালের টেটের ফল প্রকাশিত হলেও, উত্তীর্ণ প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়া নিয়ে এখনও অনিশ্চয়তায় রয়েছেন।












Click it and Unblock the Notifications