মেট্রোয় পড়ুয়াদের সঙ্গে সফর, কলকাতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন সংযোগ
মেট্রো তখন চলতে শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেট্রোর আসনে বসলেন। স্কুলের পড়ুয়ারা আশেপাশে ছড়িয়েছিটিয়ে রয়েছে। প্রধানমন্ত্রী এক ছাত্রকে কাছে ডেকে নিলেন। তাঁর বাম দিকে তাকে বসালেন। অন্যান্য ছাত্রদের সঙ্গেও গল্পে মশগুল হয়ে উঠলেন প্রধানমন্ত্রী। মেট্রো সফর চলাকালীন ছাত্রদের সঙ্গে দেখা গেল প্রধানমন্ত্রীর 'মন কি বাত'।
কলকাতায় এসে বুধবার রীতিমতো জনসংযোগ কর্মসূচি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসপ্ল্যানেড - হাওড়া ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবার উদ্বোধন করলেন তিনি। নির্ধারিত সময়ে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে পৌঁছে যান। সঙ্গে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ও অন্যান্য নেতৃত্ব।

সাধারণ মানুষদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দেন। তাদের সঙ্গে কথা বলেন। হাত নাড়েন তাদের উদ্দেশ্যে। প্রধানমন্ত্রীকে এত কাছ থেকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। মেট্রো রেল পরিষেবা উদ্বোধন করেন তিনি৷ প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ানো ছিল। এরপর ওই ট্রেনে সওয়ারি হন মোদী নিজেই।
মেট্রো রেলের আধিকারিকরা ছিলেন ট্রেনে। তাদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। কীভাবে গঙ্গার নীচ দিয়ে যাত্রাপথ তৈরি হয়েছে। সেই সম্পর্কে বিস্তারিত খবর নেন। দেখা যায় আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রী মেট্রো রেলের ভিতর দাঁড়িয়ে কথা বলছেন। এরপর আসন গ্রহণ করেন মেট্রোর। প্রধানমন্ত্রী ইঞ্জিনিয়ারদের সঙ্গেও কথা বলেন আসনে বসে।
এই মেট্রো উদ্বোধনের সময় পড়ুয়াদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। স্কুলের বহু পড়ুয়া উপস্থিত ছিল এদিন। মেট্রোতে প্রধানমন্ত্রী তাদের সঙ্গেও কথা বলেন। পড়ুয়াদের মধ্যে পৌঁছে যান তিনি। রীতিমতো সদাহাস্য মুখে পড়ুয়াদের সঙ্গে গল্প করেন। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন সকলের মধ্যমণি।
প্ল্যাটফর্মে ট্রেন থামে। প্রধানমন্ত্রীকে দেখার জন্য বাইরে বহু মানুষ উদগ্রীব। তাদের উদ্দেশ্যেও প্রধানমন্ত্রী মেট্রোর ভিতর থেকে হাত নাড়েন। এই জনসংযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এমনই মনে করছে রাজনৈতিক মহল।
বারাসতের কাছারি ময়দানে এরপর প্রধানমন্ত্রীর জনসভা। হেলিকপ্টার করে কলকাতা এয়ারপোর্টে পৌঁছান। এয়ারপোর্ট থেকে বারাসত গাড়িতে রওনা হন মোদী। রাস্তার দু'ধারে অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে সমানভাবে জনসংযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সামনেই লোকসভা ভোট। আর সেখানে পশ্চিমবঙ্গ নরেন্দ্র মোদীর অন্যতম নজরের জায়গা। ৪২ টি লোকসভা আসন আছে এই রাজ্যে। ৪২ টি আসনেই বিজেপিকে জিততে হবে। এমনই বার্তা প্রধানমন্ত্রী দিয়েছেন রাজ্য বিজেপি শিবিরকে। আর সেজন্য প্রধানমন্ত্রী নিজেও ময়দানে নেমে পড়েছেন।
এক সপ্তাহের মধ্যে তিনটি জনসভা প্রধানমন্ত্রীর। চলতি মাসে আরও জনসভা আছে বলে খবর। তার মধ্যেই কলকাতায় জনসংযোগ করলেন তিনি।












Click it and Unblock the Notifications