প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের! এপ্রিল থেকে বাড়তে চলেছে কাদের বেতন
মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, বুধবার সকাল দশটায় বিশেষ ঘোষণা করবেন। সেই অনুযায়ী সকাল দশটায় ফেসবুক পোস্ট করেন তিনি। সেখানে বেতন বৃদ্ধির কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, আশার মেয়েরা অনেক কাজ করে। ওরা আমাদের গর্ব, সমাজের দিশা। সব বিপদে-আপদে পাশে থাকে। ওদের জন্য সাড়ে সাতশো টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো হচ্ছে। অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মীরা মাসে আটহাজার দুশো টাকা করে পান। ওঁদেরও বেতন সাড়ে সাতশো টাকা করে বাড়ানো হচ্ছে এপ্রিল মাস থেকে। এছাড়া আইসিডিএস হেল্পাররা মাসে ছয় হাজারের কিছুটা বেশি পান, তাঁদের জন্য এপ্রিল থেকে মাসে মাসে পাঁচশো টাকা করে বেশি দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী বলেছেন, এঁদের জীবন শুভ হোক, ভাল হোক। তাঁরা আরও ভাল করে কাজ করুন। রাজ্যের মা-মাটি-মানুষের সরকার আগেও পাশে ছিল ভবিষ্যতেও পাশে থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলার মানুষের সুখ-দুঃখের খেয়াল রাখা, তাঁদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য তিনি এবং তাঁর জনদরদি মা-মাটি-মানুষের সরকার সদা সচেষ্ট। আজ থেকে আমাদের গর্ব, সমাজের দিশা - আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হল। তিনি আমৃত্যু এইভাবেই এঁদের জন্য কাজ করে যাবেন। মুখ্যমন্ত্রী বলেছেন, সবাই ভালো থাকলেই, তাঁর ভালো থাকা।
প্রসঙ্গত বেতন বৃদ্ধির দাবি করে ধর্না ও কর্মবিরতির ডাক দিয়েছিলেন আশা কর্মীরা। সর্বনিম্ন বেতন ২১ হাজার টাকা করার দাবি করেছিলেন তাঁরা। বর্তমানে আশা কর্মীরা মাসে সাড়ে চার হাজার টাকা বেতন পান। গত রবিবারের পালস পোলিও কর্মসূচিও বয়কট করেন তাঁরা। দাবি মানা না হলে, কর্মবিরতি চালু রাখার হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁরা।
বুধবার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদক ইসমত আরা খাতুন বলেছেন, এই বেতন বৃদ্ধি সামান্য হলেও, সাত বছর ধরে লাগাতার আন্দোলনের জয় হল তাদের।












Click it and Unblock the Notifications